টাকা আত্মসাতের অভিযোগে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় পল্লি উন্নয়ন সংস্থার একটি বাড়ি একটি খামার প্রকল্পে সদস্য করার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তির নাম লিটন গাজী (৫০)।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের দিঘাপতিয়া গ্রাম উন্নয়ন শাখার সাবেক সভাপতি লিটন গাজী স্থানীয় কয়েকজনকে সমিতির সদস্য করার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেন। কিন্তু পরে আর তাঁদের সমিতিতে অন্তর্ভুক্ত না করে ওই টাকা আত্মসাৎ করেন। এলাকাবাসীর কাছ থেকে লিটন গাজী মোট ৪৭ হাজার ৫০০ টাকা নেন। প্রকল্পের নতুন কমিটির নবনির্বাচিত সদস্যরা তাঁর কাছে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। উপরন্তু নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরেও অসম্মতি জানান তিনি। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সদর থানা-পুলিশ গতকাল সকালে তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে লিটন গাজী অভিযোগ স্বীকার করলে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়।