টাকা আত্মসাতের মামলায় ফরচুন শিপইয়ার্ডের মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চট্টগ্রামের পটিয়ার ফরচুন শিপইয়ার্ডের মালিক শরফুদ্দিন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে ফরচুন শিপইয়ার্ড ও ফরচুন লজিস্টিকের মালিক শরফুদ্দিন আহমদ আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ২০১২ সালে দুটি জাহাজ নির্মাণের জন্য ঋণ নেন। সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ নিয়ে নিয়ে তা পরিশোধ না করে তিনি তাঁর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। এ ঘটনায় পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে গত ৩০ মার্চ আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষে মামলা করা হয়।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আগ্রাবাদ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জহিরুল ইসলাম জানান, শরফুদ্দিন আহমদ সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছেন, তা সুদে-আসলে সাড়ে সাত কোটি টাকা হয়েছে। তিনি ঋণ নিয়ে তা পরিশোধ না করে দুটি প্রতিষ্ঠানই বন্ধ করে দেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী জানান, ৩১ মার্চ আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়। গ্রেপ্তারের পর শরফুদ্দিন আহমদকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।