টাকা আত্মসাৎ করতে গিয়ে ধরা
প্রতারণা করে আড়াই লক্ষাধিক টাকা আত্মসাৎ করতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। ডাকাতেরা ওই টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ করতে এলে পুলিশ তাঁর কথাবার্তায় অসংলগ্নতা পায়। পরে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ডাকাতি হওয়ার নাটক সাজিয়ে তিনি ওই টাকা আত্মসাৎ করার চেষ্টা চালিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর থানায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আলিয়ার রহমান (৩০)। তিনি গ্রামীণফোনের সখীপুর, মির্জাপুর ও বাসাইল এলাকার ফ্লেক্সিলোডের ডিলারের বিক্রয় নির্বাহী। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে আলিয়ার রহমান একটি ছেঁড়া শার্ট পরে থানায় এসে নলুয়া-বাসাইল সড়কে ডাকাতির কবলে পড়ে দুই লাখ ৬২ হাজার টাকা খুইয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করার অনুরোধ করেন। কিন্তু তাঁর আচরণে সন্দেহ হওয়ায় তিনি কীভাবে ডাকাতির শিকার হলেন তা জানতে চাওয়া হয়। কিন্তু তিনি এ প্রশ্নের জবাব দিতে পারেননি। পরে থানা হাজতে পাঠানোর ভয় দেখালে তিনি ডাকাতি হওয়ার ঘটনাটি সঠিক নয় বলে জানান। পরে থানা হাজতে নেওয়ার আগেই স্বজনেরা তাঁকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।
সখীপুর, মির্জাপুর ও বাসাইলের গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের ডিলার পিন্টু সাহা টাকা আত্মসাতের জন্য নাটক সাজানোর সত্যতা স্বীকার করে বলেন, টাকাগুলো আলিয়ারের কাছেই আছে। পরে সেগুলো তাঁর কাছ থেকে নেওয়া হবে।
ওসি বলেন, প্রতারণার দায়ে আলিয়ারকে কারাগারে পাঠানো যেত। কিন্তু স্বজনদের অনুরোধে শুধু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।