টাকা আদায় করার জন্য 'প্রতারককে' অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়ে যাওয়ার কথা বলে ১১ জনের কাছ থেকে দুই লাখ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর নাম মিজানুর রহমান (৩৫)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার আবদুল মালেকের ছেলে।
মিজানুর দুবাই থেকে প্রায় পাঁচ বছর আগে দেশে ফিরে আসেন। এবার তাঁর প্রতারণার শিকার তিন ব্যক্তি টাকা উদ্ধারের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী একজনের খালাতো বোনকে দিয়ে মুঠোফোনে প্রেমের অভিনয় করান। প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। পরে গত শুক্রবার রাতে ফেনী পৌরসভা এলাকার একটি বাসা থেকে মিজানুরকে উদ্ধার করে পুলিশ। মিজানুরকে উদ্ধারের পর পুলিশের প্রাথমিক তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, মিজানুর রহমান দীর্ঘদিন দুবাইতে ছিলেন। ওই সময় তিনি দুবাই নিয়ে যাওয়ার কথা বলে নোয়াখালীর বেগমগঞ্জের ইউসুফসহ ১১ জনের কাছ থেকে ২২ লাখ টাকা নেন। ২০১০ সালে তিনি দেশে ফিরে এসে নগরের বাকলিয়া শাহ আমানত সেতু এলাকার একটি মুঠোফোনের দোকানে চাকরি নেন।
ওসি জানান, মাস দেড়েক আগে মিজানুরের মুঠোফোন নম্বর জোগাড় করেন প্রতারিত ইউসুফ। তিনি তাঁর খালাতো বোনকে দিয়ে মিজানুরের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করান। ওই বোনের কথামতো মিজানুর গত মঙ্গলবার ঢাকার গুলশান এলাকায় এলে ইউসুফসহ তিনজন তাঁকে আটকে রাখেন। পরে তাঁকে ফেনীতে নিয়ে যাওয়া হয়।
ওসি আরও জানান, ঢাকায় আসার পরদিন মিজানুরের খালাতো ভাই মো. বেলালের মুঠোফোনে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ইউসুফ। এই ঘটনায় বেলাল বাকলিয়া থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ ফেনী পৌর এলাকার একটি বাসা থেকে মিজানুরসহ ও সাইফুল নামের একজনকে গ্রেপ্তার করে।
ওসি মহসিন জানান, অপহরণের মামলায় গ্রেপ্তার সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দি দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে ইউসুফকে। ভিসা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।