টাকা আদায়কারী সেই এসআই প্রত্যাহার
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের টাকা আদায়কারী উপপরিদর্শক (এসআই) নঈমুল মোস্তাককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপার আমেনা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশ থেকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়।
গত শুক্রবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘পাঁচ যুবককে ধরে নিয়ে টাকা আদায় গোয়েন্দা পুলিশের’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং ঘটনার সত্যতা পান। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে অভিযুক্ত এসআই নঈমুল মোস্তাককে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এসআই নঈমুল মোস্তাক শিবপুর ইটাখোলা থেকে পাঁচ যুবককে ধরে নিয়ে যান। পরে তাঁদের মধ্য থেকে দুজনকে ছেড়ে দিয়ে বাকি তিনজনকে মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তিন লাখ টাকা আদায় করা হয়। পরে নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামানের হস্তক্ষেপে সেই টাকা ফেরত দিতে বাধ্য হন এই কর্মকর্তা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রথম আলো পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ সুপার এসআই নঈমুল মোস্তাককে ক্লোজড করে পুলিশ লাইনসে পাঠিয়েছেন।