টাকা ও মুঠোফোনের জন্য খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় গ্রেপ্তার একই বিদ্যালয়ের তিন কিশোর শিক্ষার্থী লামা-সরই সড়কে গত ২৬ মে মোটরসাইকেল চালক কামাল উদ্দিনকে টাকা ও মুঠোফোনের লোভে হত্যা করেছে। গত সোমবার সন্ধ্যায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা স্বীকার করেছে তিন কিশোর।

গতকাল মঙ্গলবার লামা থানার পুলিশ উপজেলা শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরে। সংবাদ সম্মেলনে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত সোমবার সন্ধ্যা সাতটায় লামার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আলী আক্কাসের আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামিরা। তিনি বলেন, জবানবন্দিতে কিশোরেরা স্বীকার করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুঠোফোন ও টাকার জন্য একটি রাবার বাগানের ভেতরে মো. কামাল উদ্দিনকে খুন করে তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোটরসাইকেল চালক কামাল উদ্দিনের মুঠোফোন নম্বর অনেক দিন বন্ধ থাকলেও এক দিন হঠাৎ খোলা পাওয়া যায়। ওই মুঠোফোনে কলের সূত্র ধরে দুই কিশোরকে গত শুক্রবার ও অপরজনকে শনিবার আটক করা হয়। পরে কামাল উদ্দিনের স্ত্রী সখিনা বেগমের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গত শনিবার আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার পর গত সোমবার তাদের আদালতে হাজির করা হয়।

ওসি সংবাদ সম্মেলনে আরও বলেন, গজালিয়া বাজার এলাকায় মেলায় যাওয়ার টাকা না থাকায় ওই তিনজন ভাড়াটিয়া সেজে কামাল উদ্দিনের মোটরসাইকেল ভাড়া নেয়।

 মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেছেন, সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র হলেও তাদের সবার বয়স ১৮ বছর মনে হয়েছে। তবে বয়স নির্ধারণের জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কিশোরেরা যে বিদ্যালয়ে পড়াশোনা করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ভর্তি রেজিস্ট্রার ও জন্ম নিবন্ধন অনুযায়ী সপ্তম শ্রেণির ছাত্রের বয়স ১৪, অষ্টম শ্রেণি দুজনের বয়স ১৬ বছর।