টাকা ও স্বর্ণের লোভে সেনা কর্মকর্তার মা মনোয়ারা সুলতানাকে (৬৮) তাঁর বাড়ির ভাড়াটে ও দারোয়ান মিলে খুন করেছেন। গতকাল শনিবার উত্তরা র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ওই ঘটনায় গোলাম নবী ওরফে নবী (২৫) ও মোছা. লাইলী ওরফে লাবণ্য নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ জুন দিবাগত রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরে নিজ বাড়িতে মনোয়ারা সুলতানা খুন হন। তিন ছেলের মা মনোয়ারা সুলতানা স্বামীর মৃত্যুর পর থেকে উত্তরার ওই বাড়িতে একাই থাকতেন। তাঁর মৃত্যুর পর ৫ জুন খালেদ বিন ইউসুফ উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৮ জুলাই র্যাব তদন্তের দায়িত্ব পায়।
হত্যাকাণ্ডের পর স্বজনেরা জানিয়েছিলেন, একটি মসজিদ গড়ার জন্য মনোয়ারা বেশ কিছু সোনার বিস্কুট জমিয়েছিলেন। তাঁর বাসায় বড় অঙ্কের টাকাও ছিল। এসবের লোভে কেউ তাঁকে খুন করে থাকতে পারেন। তবে মামলার এজাহারে খালেদ বিন ইউসুফ সোনার বিস্কুট বা টাকার পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। র্যাব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে ২৩ জনকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কত টাকা বাসায় ছিল বা কী পরিমাণ সোনার বিস্কুট ছিল সে সম্পর্কে র্যাবও কিছু জানাতে পারেনি।
গতকাল শনিবার র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ জানান, মোছা. লাইলী ওরফে লাবণ্য একাকিত্বের সুযোগ নিয়ে মনোয়ারা সুলতানার সঙ্গে ভাব জমান। তিনি মনোয়ারা সুলতানার জমানো টাকা ও স্বর্ণালংকারের বিষয়েও জানতে পারেন। একপর্যায়ে মোছা. লাইলীর পরামর্শে মনোয়ারা সুলতানা গত ২৩ মে তাঁর বাড়ির দারোয়ানের চাকরি দেন গোলাম নবী ওরফে নবীকে। সপ্তাহ খানেক পর কাউকে কিছু না জানিয়ে গোলাম নবী চলে যান। মোছা. লাইলী তাঁকে মনোয়ারার অর্থ-সম্পদ সম্পর্কে জানান। তিনি তাঁকে মনোয়ারা সুলতানাকে খুন করায় প্ররোচনাও দেন। প্রথমে রাজি না থাকলেও পরে গোলাম নবী ওই প্রস্তাবে রাজি হন। ঘটনার দিন মুঠোফোনে মোছা. লাইলীর সংকেত পেয়ে দুজনে মিলে শ্বাসরোধে ও ছুরি দিয়ে হত্যা করেন মনোয়ারাকে।
মৃত্যু নিশ্চিত হওয়ার পর খুনিরা বাড়ি থেকে ১ লাখ ১৩ হাজার টাকা নিয়ে যায়। এরপর সেই টাকা লাইলীর বাসায় বসে ভাগ-বাঁটোয়ারা করে নেন। ওই টাকা দিয়ে গোলাম নবী ওরফে নবী একটি মোবাইল সেট কেনেন ও কক্সবাজারে বেড়াতে যান। তবে খুনিদের কাছে কোনো স্বর্ণালংকার পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।