টাকা কম বলে ক্ষুব্ধ ছিনতাইকারীর হাতে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের শিকার এক ব্যক্তির সঙ্গে টাকা কম থাকায় তাঁকে ছুরিকাঘাত করেছেন ছিনতাইকারীরা। গত শুক্রবার রাত ১২টার দিকে চন্দ্রিমা উদ্যানের ঝুলন্ত ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আফজাল হোসেন (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. খালেক বলেন, আফজাল শাহীনবাগ এলাকায় থাকতেন। নতুন বাসা ভাড়া করেছেন আদাবর এলাকায়। খালেকের ভ্যানে শুক্রবার রাতে বাসার কিছু মালপত্র নিয়ে তিনি আদাবর যান। সেখান থেকে ফেরার পথে চন্দ্রিমা উদ্যানের ঝুলন্ত ব্রিজের পাশে এলে তিনজন যুবক তাঁদের পথ আটকান। যুবকদের হাতে ছুরি ছিল। যুবকেরা আফজালের সঙ্গে থাকা টাকাপয়সা তাঁদের দিয়ে দিতে বলেন। এ সময় যুবকেরা আফজালের পকেট হাতিয়ে ৮৫০ টাকা পান। টাকার পরিমাণ কম হওয়ায় ক্ষুব্ধ হন তাঁরা। একপর্যায়ে ‘এত কম টাকা নিয়ে ঘুরস ক্যান’ বলে যুবকদের একজন আফজালের পেটে ছুর ঢুকিয়ে চলে যান। এরপর খালেক ভ্যানে করে আফজালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। খালেক বলেন, ছিনতাইকারীরা তাঁকে কিছু বলেননি।
গতকাল শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে আফজালের অস্ত্রোপচার হয়। গতকাল রাতে তিনি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এ ব্যাপারে জানতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাসকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ছুরিকাঘাতের তথ্য নিশ্চিত করেছেন।