টাকা গোনা আর বদলানোর মধ্যেই ৮৯ হাজার লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্যাংক থেকে টাকা তুলে ফরিদা বেগম (৭৫) ব্যাংকের মধ্যেই গ্রাহকদের জন্য রাখা সোফায় বসে টাকাগুলো গুনছিলেন। তিন অপরিচিত ব্যক্তি তাঁর পাশে এসে টাকা গুনতে সহযোগিতা ও ছোট নোটের বদলে বড় নোটের বান্ডিল দেওয়ার কথা বলে তৈরি করে ঘনিষ্ঠতা। একপর্যায়ে টাকা গোনা আর বদলানোর মধ্যেই লোপাট করে নেয় ৮৯ হাজার টাকা।

গতকাল বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নতুন কৌশলের এই প্রতারণার ঘটনাটি ঘটেছে। ফরিদা বেগমের বাড়ি বড়লেখা পৌরসভার মহুবন এলাকায়।

ফরিদা বেগমের আত্মীয়স্বজন, ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল এনসিসি ব্যাংক বড়লেখা শাখা থেকে ফ্রান্স-প্রবাসী ছেলের পাঠানো ১ লাখ ৯২ হাজার টাকা উত্তোলন করেন ফরিদা বেগম। টাকা তুলে ব্যাংকের একটি সোফায় বসে ৯২ হাজার টাকা রেখে দেন হাতব্যাগে। ৫০০ টাকা নোটের ৫০ হাজার টাকার দুটি বান্ডিলের ১ লাখ টাকা ধীরে ধীরে গুনতে থাকেন। এ সময় অপরিচিত তিন ব্যক্তি তাঁর কাছে আসে। এর মধ্যে একজন তাঁর কাছে সোফায় বসে টাকা গুনে দেওয়ার কথা বলে। বলে যে তাদের কাছে ১ হাজার টাকার নোটের ১ লাখ টাকার একটি বান্ডিল আছে। চাইলে তাঁকে ১ হাজার টাকার নোটের ১ লাখ টাকার বান্ডিল দিয়ে দেবে। ফরিদা বেগম সম্মত হলে ওই ব্যক্তি ৫০০ টাকার দুটি বান্ডিল নিয়ে তাঁকে ১ হাজার টাকার নোটের বান্ডিল দিয়ে দেয়। ফরিদা বেগম বান্ডিলের টাকা গুনে দেখেন এতে ৯৫ হাজার টাকা আছে। পাঁচ হাজার টাকা কম। টাকা কম বললে ওই ব্যক্তি পাঁচ হাজার টাকা পূরণ এবং গুনে দেওয়ার কথা বলে আবার ১ লাখ টাকার বান্ডিলটি নিয়ে নেয়। বান্ডিলের টাকা গুনে কিছুক্ষণ পর গোল করে টাকার বান্ডিলটি ফেরত দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। ওই তিন ব্যক্তি বেরিয়ে যাওয়ার পর ফরিদা বেগম আবার টাকা গুনতে গিয়ে দেখেন বান্ডিলের ওপরে-নিচে ১ হাজার টাকার নোট, আর ভেতরে ১০০ টাকার নোট। এতে টাকা আছে মাত্র ১১ হাজার। ৮৯ হাজার টাকাই নিয়ে যায় প্রতারক দল। এরপর ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ততক্ষণে প্রতারকেরা ব্যাংক থেকে উধাও হয়ে গেছে।

এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় কুমার দত্ত গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বয়স্ক মহিলা। টাকা তোলার পর সোফায় বসে টাকা গুনছিলেন। টাকা নিয়ে যাওয়ার পর আমাদের বলেন। ততক্ষণে ওরা (প্রতারকেরা) চলে গেছে। আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি, লোকটি এমনভাবে টাকা গুনছে, মনে হয় তাঁরা ভাইবোন। সন্দেহ করার উপায় নেই। একপর্যায়ে লোকগুলো আস্তে আস্তে ব্যাংক থেকে বেরিয়ে গেছে।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।’