টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিকমূড়া গ্রামের জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোর আনুমানিক চারটার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সোহেল (২৮)। তাঁর বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ কাচি গ্রামে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, হিজরি ১২৪৮ সালে নাঙ্গলকোট উপজেলার মানিকমূড়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। এ মসজিদে প্রতিদিন আশপাশের মানুষ ও মুসল্লিরা অনেক টাকা দান করেন। এখানে কয়েকটি দানবাক্স রয়েছে। গতকাল ভোর আনুমানিক চারটার দিকে সোহেল ওই মসজিদের ভেতরে ঢুকে দুটি দানবাক্স ভেঙে ফেলেন। এরপর তৃতীয় দানবাক্স ভাঙার সময় মসজিদের মুয়াজ্জিন আবুল কাশেম টের পান। তিনি বাজারের নৈশপ্রহরী সালাউদ্দিনকে ঘটনাটি জানান। এরপর মুয়াজ্জিন মসজিদের মাইকে চোর এসেছে বলে ঘোষণা দেন। মুহূর্তের মধ্যে এলাকাবাসী জড়ো হয়ে লাঠি ও কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে সোহেলকে জখম করে। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল। এরপর গ্রামবাসী পুলিশে খবর দেয়। সকাল ১০টায় পুলিশ মসজিদের সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। একই সঙ্গে কাশেম ও সালাউদ্দিনকে আটক করে। পরে লাশ নাঙ্গলকোট থানায় আনা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শামসুদ্দিন ভূঁইয়া বলেন, এ পর্যন্ত সাতবার ওই মসজিদের দানবাক্স চুরি হয়েছে। টাকা চুরি করতে যাওয়ায় এলাকাবাসী পিটুনি দিয়ে তাঁকে মেরে ফেলে।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আল মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা করা হবে। পুলিশ অথবা মসজিদ কমিটি বাদী হয়ে মামলা করবে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় আনা হয়েছে।
জোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আক্কাছ বলেন, চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
তবে এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।