টাকা ছাড়া প্রসূতি সেবা মিলছে না!
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি মনহাজিরপাড়া কমিউনিটি ক্লিনিকে টাকা ছাড়া প্রসূতিসেবা মিলছে না। বরং প্রসূতির কাছ থেকে স্বাস্থ্যকর্মী মর্জিনা বেগম অবৈধভাবে দেড় থেকে দুই হাজার টাকা করে আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও স্বাস্থ্যকর্মীরা জানান, দুর্গম দ্বীপে অসহায় নারীদের প্রসূতিসেবা নিশ্চিত করতে গত মে মাসে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মনহাজিরপাড়া কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসূতিসেবার কার্যক্রম চালু করে। এতে ক্লিনিকে বিনা মূল্যে প্রসূতিসেবার পাশাপাশি প্রসব-উত্তর ওষুধ সরবরাহ দেওয়ার কথা।
উত্তর রাজঘাট এলাকার বাসিন্দা মোক্তার আহমদ বলেন, ‘বিনা মূল্যে প্রসূতিসেবার খবর শুনে দুই সপ্তাহ আগে আমার স্ত্রী মুসলিমাকে নিয়ে মনহাজিরপাড়া ক্লিনিকে যাই। সেখানে আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। পরে মৃত সন্তানকে নিয়ে চলে আসার সময় ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মর্জিনা বেগম আমার কাছ থেকে চার হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত দুই হাজার টাকা দেওয়ার পর ওই ক্লিনিক থেকে বের হয়েছি।’
স্থানীয় স্বাস্থ্যকর্মী আজিজুর রহমান জানান, ক্লিনিকে বিনা মূল্যে সেবা দেওয়ার বিষয়ে মাঠে প্রসূতি নারীদের উদ্বুদ্ধ করা হয়। পরে প্রসূতিসেবা নেওয়ার জন্য ক্লিনিকে গেলে নারীদের কাছ থেকে দেড় থেকে দুই হাজার টাকা করে আদায় করা হচ্ছে।
তবে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মর্জিনা বেগম বলেন, ‘বিনা মূল্যে ক্লিনিকে প্রসূতিসেবা দেওয়া হচ্ছে। এতে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না।’
স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাহফুজ উল্লাহ বলেন, ‘ক্লিনিকে প্রসূতির কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে বিভিন্নজনের কাছে শুনেছি। তাই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি।’
কক্সবাজার সিভিল সার্জন মোহাম্মদ মোখলেছুর রহমান খান বলেন, প্রসূতির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।