প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত ভূঁইয়া ট্রেডার্সের ব্যবস্থাপক তোতা মিয়ার ওপর হামলা করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার বটতলা সিরামিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে তোতা সহকর্মী রাজীব হোসেনকে নিয়ে পাওনা টাকা আদায়ের জন্য বের হন। বিকেলে তিনি সখীপুর থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে ওই স্থানে দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তোতা ও রাজীবের চোখে মরিচের গুঁড়া ছুড়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে তোতার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত তোতাকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।