টাকা ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা
রাজধানীর বনানী এলাকায় আজ বুধবার দুপুরে টাকা ছিনিয়ে নেওয়ার পর মারধর করে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনায় ওই যাত্রীর ডান পায়ের গোড়ালির নিচ থেকে এবং বাম পায়ের পাঁচটি আঙুলসহ পাতার সামনের কিছু অংশ আলাদা হয়ে গেছে।
ওই যাত্রীর নাম নাজমুল হোসেন (৩০)। তিনি দরজির কাজ করেন। থাকেন টঙ্গীতে।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা জানান, ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর থেকে টঙ্গী যাচ্ছিলেন নাজমুল। পথে তিন ছিনতাইকারী তাঁকে মারধর করে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শহিদুল নামের এক পথচারী। ঢাকা মেডিকেলে আসার পর আহত নাজমুল সাংবাদিকদের এসব তথ্য জানান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেলে চিকিৎসার পর তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানোর পরামর্শ দেওয়া হবে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।