চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল ছাত্রাবাস থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তিনটি কোম্পানির তিনজন বিক্রয় প্রতিনিধিকে উদ্ধার করা হয়েছে। ছাত্রলীগের দুই নেতা তাঁদের মারধর করে টাকাপয়সা ছিনিয়ে হলে নিয়ে আটকে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রের ভাষ্যমতে, গতকাল বিকেলে বোম্বে সুইটসের দুজন এবং স্কয়ার ও ইবনে সিনা কোম্পানির একজন করে বিক্রয় প্রতিনিধি ক্যাম্পাসের বিভিন্ন দোকানে পণ্য দিতে আসেন। এ সময় ২ নম্বর গেটে ছাত্রলীগের নেতা মিজানুর রহমান ওরফে মিনু ও মিজানুর রহমান ওরফে মিজান তাঁদের ওপর হামলা চালান। তাঁরা বোম্বে সুইটসের বিক্রয় প্রতিনিধি আকবরকে মেরে টাকাপয়সা ছিনিয়ে নেন। পরে আকবরকে রেখে বাকি তিন বিক্রয় প্রতিনিধিকে আলাওল ছাত্রাবাসে নিয়ে যান তাঁরা। রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। ওই তিন ব্যক্তির কাছ থেকে মুঠোফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধার তিনজনের মধ্যে বোম্বে সুইটসের প্রতিনিধি মো. রুবেলের নাম জানা গেছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আলাওল হল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। প্রক্টর স্যাররা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, উদ্ধার ব্যক্তিরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তাঁরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনু ও সহসম্পাদক মিজানুর রহমান মিজানের নাম উল্লেখ করেছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান মিজান প্রথম আলোকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিছু হতে পারে।’
অন্যদিকে মিজানুর রহমান মিনুর মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’