টাকা ছিনিয়ে নিতে না পেরে গুলি
বাগেরহাটের ফকিরহাটে গতকাল সোমবার সকালে ছিনতাইকারীদের গুলিতে আবদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়েছে ছিনতাইকারীরা।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রহমান ঢাকা টোব্যাকো লিমিটেডের ফকিরহাট উপজেলার গুদাম সংরক্ষক। গতকাল সকাল নয়টার দিকে সোনালী ব্যাংকে ফকিরহাট শাখায় পাঁচ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন রহমান। ফকিরহাট-রূপসা সড়কের চৌধুরীবাড়ির সামনে আসামাত্র মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি অস্ত্রের মুখে তাঁর পথরোধ করে। তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে তারা। এ সময় রহমানের চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিবলী নোমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রহমানকে এখানে নিয়ে আনা হয়। তাঁর বাঁ উরুতে গুলি লেগেছে। মাথায়ও একটি জখমের চিহ্ন রয়েছে। ফকিরহাট থানার ওসি আনিসুর রহমান বলেন, ওই ঘটনায় কোনো মামলা হয়নি।