টাকা তোলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তিনজন আহত
টাকা তোলাকে কেন্দ্র করে রাজধানীর বনানী বেলতলার কড়াইল বস্তিতে আজ শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপক্ষের ছুরিকাঘাতে অপরপক্ষের তিনজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।
আহত তিনজন হলেন, আল আমিন (১৯), ঝুমা (২৫) ও হৃদয় (১৮)। তাঁদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, আজ বেলা দেড়টার দিকে সুমি, মাসুদা ওরফে মাসুমা ও মানিক কড়াইল বস্তিতে চাঁদা তুলতে যান। তখন বস্তির বাসিন্দা ঝুমা, আল আমিন ও হৃদয় বাধা দেন। বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষে হাতাহাতি হয়। পরে সুমি, মাসুদা ও মানিক ওই তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আহত অবস্থায় তাঁদের হাসপাতালে আনার পর কড়াইল বস্তির কয়েকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সুমি, মাসুদা ও মানিক হিজড়া সেজে কড়াইল বস্তিতে টাকা তুলছিলেন। তাই তাঁদের বাধা দিয়েছিলেন আহত তিনজন।
তবে বনানী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক প্রথম আলোকে বলেন, হামলাকারী তিনজন ও আহত ঝুমা হিজড়া। তবে আল আমিন ও হৃদয় স্থানীয় লোক হিসেবে ঝুমার পক্ষ নিয়েছিলেন। এসআই বলেন, টাকা তোলাকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের দীর্ঘদিনের রেষারেষির জেরে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।