টাকা দিয়ে কাউন্সিলরদের ভোট কেনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১১ বছর পর গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে কাউন্সিলরদের ভোট কেনার অভিযোগ করেছেন উপজেলা যুবলীগের একাংশের নেতা-কর্মীরা।
উম্মে ফাতেমা নাজমা বেগম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে উপজেলা যুবলীগের সম্মেলন হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ১০টার দিকে কাউন্সিলরদের ভোটে আশরাফ উদ্দিনকে সভাপতি ও মো. শের আলম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতারা আল ইমরানকে জ্যেষ্ঠ সহসভাপতি, জিয়াউল হককে প্রথম যুগ্ম সম্পাদক ও কাজী আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।
এর আগে বিকেল চারটার দিকে জেলা যুবলীগের সহসভাপতি এহছান উল্লার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাইনউদ্দিন মঈন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এহছান উল্লাহ। তিনি প্রথম আলোকে জানান, সম্মেলনে মোট ভোটার ছিলেন ১৬৬ জন। ভোট দিয়েছেন ১৬৪ জন। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। পরে তাঁরা অন্য তিন পদের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন।
সভাপতি পদপ্রত্যাশী আল ইমরান, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আমিরুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবলীগের কয়েকজন নেতা জানান, প্রত্যেক ভোটারকে দুই থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ভোট দিয়ে তা মুঠোফোনে ছবি তুলে প্রমাণ হিসেবেও সেটা দেখাতে হয়েছে টাকা দাতাদের। তাঁরা আরও জানান, ওই টাকা প্রয়াত ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম সরবরাহ করেছেন।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের মে মাসে মাহফুজ আলীকে আহ্বায়ক করে সরাইল উপজেলা যুবলীগের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
উম্মে ফাতেমা নাজমা বেগম প্রথম আলোকে জানান, অভিযোগ করলেই তো চলবে না। সত্যতা প্রমাণ করতে হবে। জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘সরাইলে সম্মেলন করলে ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল। জেলা কমিটি এত সুন্দর করে সম্মেলন করতে পারবে আমি আশা করিনি।’