রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করতে আসা মানুষের দুর্ভোগের চিত্র নিয়ে দুই বছর আগে প্রথম আলোতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। দুই বছর পর একই অনুসন্ধানে গিয়ে দেখা গেল সেবার মানের তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে এ সময়ের মধ্যে সেরা সরকারি কর্মকর্তার পুরস্কার পেয়েছেন ওই কার্যালয়ের এক কর্মকর্তা। ঘুরে এসেছেন বিদেশ থেকেও।
নগরের শালবাগান এলাকায় অবস্থিত রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার পাসপোর্ট ইস্যু করা হয়।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, আবেদনপত্র জমা দিতে গেলে সিংহভাগ আবেদনই ত্রুটিপূর্ণ বলে ফেরত দেওয়া হয়। একটি ত্রুটির জন্য ফরম বাতিল করে নতুন করে সব কাজ শেষ করে পরের দিন জমা দিতে গেলে নতুন আরেকটি ত্রুটি ধরে আবার সংশোধন করে আনতে বলা হয়। আর পাসপোর্ট কার্যালয়ের ফটকেই প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন একদল দালাল। টাকা দিলে সঙ্গে সঙ্গেই ওই বাতিল আবেদনপত্রেই কাজ হয়ে যায়।
গত ৩০ মে নিজের এবং ছেলের পাসপোর্ট করতে গিয়েছিলেন রাজশাহী পর্যটন মোটেলের কর্মচারী আমিনা আনসারী। তিনি বলেন, অনলাইনে জন্ম§নিবন্ধনপত্র লাগবে, এ ছাড়াও প্রায় ৩০ ধরনের ভুল ধরে আবেদনপত্র দুটি কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়। তিনি ফিরে আসার সময় কয়েকজন দালাল তাঁকে ঘিরে ধরেন। তাঁদের মধ্যে একজন বলেন, তাঁর ভাষায়, ‘কিছু ঠিক করা লাগবে না। পাসপোর্টপ্রতি জমার জন্য আমাদের হাতে সাড়ে ১২ শ টাকা করে দেবেন। আর আমাদের খুশিমনে যা দেওয়ার দেবেন। এক্ষুনি আমরা কাজ করে দেব।’ তিনি দালালদের কথোপকথন মুঠোফোনে রেকর্ড করে এনে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে জমা দেন।
প্রথম আলোর পক্ষ থেকে এক ব্যক্তির পাসপোর্টের জন্য ২০১৪ সালের ২৯ মে একটি আবেদনপত্র জমা দিয়ে প্রায় একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। যথারীতি সেই আবেদনপত্রের একটি ত্রুটি ধরে ফেরত দেওয়া হয়েছিল সেদিন। সঙ্গে সঙ্গে আবেদনপত্রটি একজন দালালের হাতে দেওয়া হয়। ১ হাজার ৩৫০ টাকার বিনিময়ে আবেদনপত্রটি জমা দেওয়া ও আঙুলের ছাপ নেওয়ার ব্যবস্থা করে দেন তিনি। পাসপোর্টটি হাতে পাওয়ার পর ওই বছরের ৮ জুলাই প্রথম আলোতে ‘দালালের দখলে পাসপোর্ট কার্যালয়’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
এরপর গত দুই বছরে একই অভিযোগে একাধিকবার পাসপোর্ট কার্যালয়ে দালাল ধরতে র্যাব-পুলিশ অভিযান চালিয়েছে। দালালেরাও আটক হয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে, ছাড়া পাওয়ার পরের দিনই এসে দালালেরা একই কাজ শুরু করে দেন। শুধু এটুকু পরিবর্তনই চোখে পড়েছে—আগে দালালেরা আবেদনকারীদের পেছনে ছুটে বেড়াতেন। এখন চুপচাপ ফটকে দাঁড়িয়ে থাকেন। কেউ ফিরে যাচ্ছেন দেখলেই তাঁর সঙ্গে চুক্তি করেন।
দুই বছর পর রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সেবার চিত্র যাচাই করতে প্রথম আলোর পক্ষ থেকে ১৩ জুন একটি পাসপোর্টের জন্য আবেদন করা হয়। আবেদনপত্রটি কাউন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ব্যক্তি একে একে আবেদনপত্রের ভুল ধরতে শুরু করেন।
কোনো ভুল সংশোধন না করেই অবেদনপত্রটি ১৪ জুন আবার নিয়ে যাওয়া হয়। একইভাবে কাউন্টার থেকে আবেদনপত্রটি কাটাকাটি করে ফেরত দেওয়া হয়। পাশেই দাঁড়িয়েছিলেন একজন দালাল। নিজের নাম সানাউল বলে পরিচয় দেন। তিনি বলেন, ‘কিছুই ঠিক করা লাগবে না। এই আবেদনপত্রেই কাজ হবে। আপনাকে আধঘণ্টা বসতে হবে। টাকা দিতে হবে ১ হাজার ৭০০। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ১ হাজার ৬০০ টাকায় রফা হয়। তিনি আবেদনপত্র নিয়ে ভেতরে গেলেন। আধঘণ্টা পরেই তিনি আঙুলের ছাপ ও ছবি তোলার জন্য রসিদ এনে দিলেন। দালাল শুধু অনলাইন থেকে জন্মনিবন্ধনের কার্ড বের করেছেন। সেটি সত্যায়িত করারও প্রয়োজন পড়েনি। সঙ্গে সঙ্গে ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হয়। পাসপোর্ট দেওয়ার একটি তারিখ জানিয়ে দেওয়া হয়।
এই প্রমাণপত্র হাতে পাওয়ার পর পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক রোতিকা সরকারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রথম আলো থেকে ফোন করা হয়। তিনি তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান। তাঁকে দুই বছর আগের গল্পটি শোনানো হয়। পরে গত মঙ্গলবারের কাহিনিও শোনানো হলো।
২০১৪ সালেই তিনি এই কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দুটি অভিজ্ঞতার কথা শুনে তিনি বলেন, তিনি আসার পর অনেক উদ্যোগ নিয়েছেন। তাতে অনেক পরিবর্তনও হয়েছে। দালালেরা আগের মতো এখন আর ভেতরে ঢুকতে পারেন না। তিনি মনে করেন, আগের চেয়ে অনেক ভালো সেবা দিতে পারছেন। মানুষের দুর্ভোগ অনেক কমিয়ে ফেলেছেন। তাঁর এই ভালো উদ্যোগের জন্য ২০১৫ সালে তিনি ‘সেরা সরকারি কর্মকর্তা’র পুরস্কারও পেয়েছেন। সরকার তাঁকে এক মাসের জন্য মালয়েশিয়া সফরে পাঠিয়েছিলেন।