
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘লোক ভাড়া’ করে ট্রাক, কাভার্ড ভ্যানের চালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। দিনের বেলায় নগরে ঢুকতে ও বের হতে প্রতিটি ট্রাকচালককে দিতে হচ্ছে গড়ে ৪০০ থেকে এক হাজার টাকা। মামলার ভয়ে বেশির ভাগ চালকই টাকা দিচ্ছেন।
গত বুধ, সোম ও শনিবার নগরের সিটি গেট, এ কে খান এলাকা ও জিইসি মোড়সহ চারটি স্থানে সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে। চট্টগ্রাম নগরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা না মেনে যেসব ট্রাক নগরে ঢুকছে ও বের হচ্ছে সেসব গাড়ি থেকেই টাকা তোলা হচ্ছে। তবে সিটি গেট থেকে নিমতলা মোড় পর্যন্ত দিনের বেলায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই।
বুধবার। দুপুর ১২টা ১০ মিনিট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকা। এই গেট পার হয়েই চট্টগ্রাম নগরে প্রবেশ করতে হয়। সিটি গেট পুলিশ বক্সের ৩০০ গজ দূরে একটি দোকানের ভেতর বসে আছেন ট্রাফিক সার্জেন্ট জামাল হোসেন মীর। দোকানের পাশে মূল সড়কের ওপর দাঁড়িয়ে আছেন ট্রাফিক কনস্টেবল জাকির হোসেন। যে স্থানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন, তারও ২০০ গজ দূরে চার লেন মহাসড়কের বাঁ পাশে (চট্টগ্রামের দিকে) দাঁড়িয়ে আছেন দুই যুবক। তাঁরা একটি খালি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-২৪৭৪) থামতে ইশারা করেন। চালক গাড়ির গতি একটু কমিয়ে তাঁদের অতিক্রম করার সময় একজনের হাতে গুঁজে দেন ১০০ টাকার কয়েকটি নোট। ট্রাক চলে যাওয়ার পর টাকা নিয়ে সার্জেন্টের কাছে আসেন ওই যুবক। এক ঘণ্টার মধ্যে ওই পথ অতিক্রম করা পশুবাহী ট্রাক ছাড়া অন্য সব ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে টাকা নিয়েছেন তাঁরা।
কথা হয় দুই যুবকের সঙ্গে। যিনি টাকা তুলেছেন, তাঁর নাম আমির হোসেন। তাঁর সহযোগী মো. কামাল। ওই ট্রাক থেকে কত টাকা তুলেছেন জানতে চাইলে আমির বলেন, ৪০০ টাকা। পশুবাহী ট্রাক থেকে টাকা না তোলার বিষয়ে তিনি বলেন, ‘ওপরের নিষেধ আছে।’ সারা দিন ট্রাক থেকে টাকা তুলে তিনি পান ৬০০ টাকা। তাঁকে টাকা তোলার দায়িত্ব পুলিশের কোন সার্জেন্ট দিয়েছেন তা বলতে চাননি তিনি।
তবে সার্জেন্ট জামাল হোসেন মীর বলেন, তিনি আমির ও কামাল নামের ওই দুই যুবককে চেনেন না। ট্রাক থেকে টাকা তোলার বিষয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলতে চাননি।
লোক ভাড়া করে টাকা আদায়ের বিষয়টি জানা নেই উল্লেখ করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, অহেতুক কোনো ট্রাফিক পুলিশ রাস্তায় গাড়ি আটকাতে পারবে না। গাড়িতে কোনো অসংগতি থাকলে মামলা কিংবা জরিমানা করবে। কিন্তু টাকা নিতে পারবে না। কোনো গাড়িচালকের কাছ থেকে পুলিশ টাকা নিচ্ছে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
সিটি গেট থেকে বেলা পৌনে দুইটায় নগরের ওমর গণি এমইএস কলেজের সামনে গিয়ে দেখা যায়, এক ট্রাকচালকের সঙ্গে পুলিশের ভাড়া করা কয়েকজন যুবক কথা বলছেন। নগরের জিইসি মোড় যেতে হয় এই কলেজ পার হয়ে। তাঁদের সঙ্গে সমঝোতা হওয়ার পর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। এ সময় কথা হয় ট্রাকচালকের সঙ্গে। তিনি বলেন, জিইসি মোড় পার হওয়ার জন্য ৪০০ টাকা দিতে হয়েছে তাঁকে। তা-ও গাড়ির নম্বর চট্টমেট্রো হওয়ায় এ টাকায় রাজি হয়েছেন তাঁরা। অন্য জেলার গাড়ি হলে এক হাজার টাকার ওপর লাগত।
জিইসি মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট অপূর্ব কুমার সাহা। জানতে চাইলে তিনি ভাড়া করা লোক দিয়ে টাকা তোলার বিষয়টি অস্বীকার করেন প্রথম আলোর কাছে।
গত সোমবার দুপুরে মহাসড়কের এ কে খান এলাকা দিয়ে চট্টগ্রাম নগরে প্রবেশ করার সময় দায়িত্ব পালনরত সার্জেন্টকে ৩০০ টাকা দিতে হয়েছে ট্রাকচালক অহিদুল ইসলামকে। টাকা দেওয়ার পর কথা হয় ট্রাকচালকের সঙ্গে। কেন টাকা দিলেন জানতে চাইলে তিনি বলেন, টাকা না দিলে মামলা দেবে। টাকা ছাড়া ট্রাক ঢুকতেও (নগরে) পারে না, বেরও হতে পারে না। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকার পরও টাকা দিতে হয় কি না জানতে চাইলে তিনি বলেন, গাড়ির রং ঠিক নেই, বেশি মালামাল তোলার অভিযোগ, গায়ে শার্ট নেই কেন—নানা আইন দেখিয়ে মামলার ভয় দেখায় পুলিশ।
পুলিশকে দেওয়া বাড়তি টাকার ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া হয় জানতে চাইলে ট্রাকচালক অহিদুল বলেন, ভাড়া নেওয়ার সময় লাইন খরচ (পুলিশের টাকা) হিসাব করা হয়।
গত শনিবার দুপুরে নগরের বন্দর নিমতলা এলাকায় পুলিশের ভাড়া করা এক লোককে দেখা যায় ট্রাকপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায় করতে। আর ট্রাফিক কনস্টেবলকে দেখা যায় একটু দূরে দাঁড়িয়ে আছেন।
সড়কে ট্রাক থেকে চাঁদা তোলার বিষয়ে আন্তজেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশকে টাকা দেওয়া নিয়ম হয়ে গেছে। পুলিশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হয়। কারণ, বেশির ভাগ ট্রাক, কাভার্ড ভ্যানের সব কাগজপত্র ঠিক থাকে না। আবার ঠিক থাকলেও পুলিশের কাছে নানা অসংগতি ধরা পড়ে। তাই কেউ ঝামেলায় না গিয়ে টাকা দিয়ে দেয়।
টাকা তোলার বিষয়টি মালিকদের পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানানো হয়েছে কি না, জানতে চাইলে জাফর আহমেদ চৌধুরী বলেন, কোনো ট্রাফিক সার্জেন্ট বেশি বাড়াবাড়ি করলে তখন প্রতিবাদ করা হয়।