টাকা দিয়ে লোক এনে মানববন্ধন!
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আবদুর রবসহ চারজনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ব্যবসায়ী তরিকুল ইসলামের (টি ইসলাম) বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার করার দাবিতে গতকাল শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‘চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণ ও নাচোলের সর্বস্তরের জনগণ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গ্রাম, শহরের বস্তি এলাকা থেকে ভাড়ায় লোক আনার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে বাস ও ট্রাকে করে তাঁদের শহরে আনা হয়।
তবে টাকার বিনিময়ে লোক দিয়ে মানববন্ধন করার বিষয়টি অস্বীকার করেছেন টি ইসলামের আইনজীবী সৈয়দ শাহজামাল। কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই টাকার বিনিময়ে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁরা জানান, ঈদের আগে টাকার জন্যই এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁদের অনেকেই জানতেন না তাঁরা কেন এসেছেন। তাঁদের বলা হয়েছে, মানববন্ধন ও মিছিলে যোগ দিলে টাকা পাওয়া যাবে।
মানববন্ধনে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে পৌর এলাকার গণকা মহল্লার এক নারী বলেন, ‘হামারঘে একঝোনা কহ্যাছে, চল। তাই অ্যাসাছি। শুইন্যাছি হামরাকে টাকা দিবে।’ নাচোলের জমিন কমিন গ্রামের নেতৃস্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকার এক ইউপি সদস্যের মাধ্যমে মাথাপিছু ৩০০ টাকা দিয়ে এ গ্রাম থেকে বেশ কিছু লোক সংগ্রহ করা হয়।
মানববন্ধন চলাকালে টি ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজেবুর রহমান, শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি শাহজালাল শাহীন, টি ইসলামের আইনজীবী সৈয়দ শাহজামাল প্রমুখ।