টাকা না আনায় স্ত্রীর গায়ে আগুন
স্বামীর দেওয়া কেরোসিনের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ নারগিছ আক্তার (২১)। ব্যবসা করার জন্য ভাইদের কাছ থেকে টাকা এনে দিতে রাজি না হওয়ায় খলিলুর রহমান গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁর স্ত্রীর শরীরে আগুন দেন বলে অভিযোগ উঠেছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দারপাড়া) গ্রামে গৃহবধূর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার এক দিন পর গত শনিবার সন্ধ্যায় নারগিছের বড় ভাই একই উপজেলার ছাতারপাইয়া গ্রামের আছলাম মিয়া বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা করেন। গৃহবধূর স্বামী ও শাশুড়িসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। গতকাল রোববার বিকেল পর্যন্ত পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
আছলাম মিয়া বলেন, চার মাস আগে খাজুরিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমানের সঙ্গে তাঁর বোনের বিয়ে দেন। বিয়ের সময় ধারদেনা করে ৪৫ হাজার টাকা যৌতুক হিসেবে দিয়েছেন। তা ছাড়া, বোনের সুখের কথা বিবেচনা করে গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্রও দেওয়া হয়েছে।
আছলাম মিয়া অভিযোগ করেন, গত ঈদের ২০-২৫ দিন আগে খলিলুর রহমান ব্যবসা করার জন্য তাঁর বোনকে ভাইদের কাছ থেকে দুই লাখ টাকা এনে দিতে বলেন। এসব নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হলে ঈদের কয়েক দিন আগে তিনি প্রায় ১৫ হাজার টাকার কাপড়চোপড় ও সেমাই-চিনি কিনে পাঠান বোনের শ্বশুরবাড়িতে। কিন্তু এতেও তাঁর ভগ্নিপতি ও পরিবারের লোকেরা সন্তুষ্ট হননি।
আছলাম মিয়ার অভিযোগ, সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ভগ্নিপতি খলিল যৌতুকের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাঁর বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন এসে ঘটনাটি শোনার পর তাঁদের (আছলাম) বাড়িতে খবর পাঠান। ওই বাড়িতে গিয়ে বোনকে উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁরা। নোয়াখালীর চিকিৎসকদের পরামর্শে নারগিছকে শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আছলাম মিয়া জানান, আগুনে তাঁর বোনের হাঁটুর ওপর থেকে মুখ পর্যন্ত বেশির ভাগই পুড়ে গেছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘আমি নিজেই গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভিকটিমকে দেখেছি। আগুনে তাঁর শরীরের প্রায় ৬০ ভাগই পুড়ে গেছে। তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। তাঁর গায়ে স্বামী কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন।’
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী খলিলুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় স্থানীয়ভাবে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্যও জানা যায়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়ার পরই নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।