টাকা না দিয়ে পালানোর চেষ্টা 'সিঁড়ি'র এমডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) সিঁড়ির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল কাদের মজুমদার (৪০) গতকাল বৃহস্পতিবার সদস্যদের টাকা ফেরত না দিয়ে পালানোর চেষ্টা করেন। এদিকে গতকালও এমডি কাদের মজুমদারকে আটক রেখে সদস্যরা বিক্ষোভ করেন।
সঞ্চয় ও আমানতের টাকা ফেরতের দাবিতে গত মঙ্গলবার থেকে ওই এনজিওর সদস্যরা ওই বিক্ষোভ করছেন।
এনজিওর কয়েকজন সদস্য বলেন, গতকাল ভোরে কাদের মজুমদার বিক্ষুব্ধ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সদস্যরা তাঁকে ধরে এনে কার্যালয়ের একটি কক্ষে আবারও আটকে রাখেন। গতকাল বিকেল চারটায় পৌর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত ওই বেসরকারি সংস্থার কার্যালয়ে গিয়ে দেখা যায়, পাঁচ শতাধিক সদস্য সেখানে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ সদস্য উজ্জ্বল রায় ও আকতারুল ইসলাম বলেন, সদস্যদের সঞ্চয় ও আমানতের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওই এমডিকে তাঁরা ছেড়ে দেবেন না। এমনকি আইনের হাতেও তুলে দেবেন না।
শাহাপুর গ্রামের শাহনাজ বেগম বলেন, তিনি খাট ও স্টিলের আলমারি নেওয়ার জন্য ৪ হাজার ৬৭০ টাকা সিঁড়ি এনজিওতে জমা করেছেন। কিন্তু তাঁকে খাট ও আলমারি দেওয়া হয়নি। ‘অনেক কষ্টে ওই টাকা জমা করেছি। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাঁকে ছেড়ে দেব না। পুলিশও তাঁকে নিয়ে যেতে পারবে না।’ কচুবাড়ি গ্রামের মোহসিনা বেগম, বালুয়াভাটা গ্রামের মারুফা বেগম, হনুফা বেগমসহ অনেকে বলেন, গত বুধবার পুলিশ কাদের মজুমদারকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁদের বাধায় পুলিশ তাঁকে নিতে পারেনি।
এ ব্যাপারে কাদের মজুমদার বলেন, ‘আমার সঙ্গে কোনো টাকা নেই। ছেড়ে না দিলে সদস্যদের কীভাবে টাকা দেব?’ মঙ্গলবার রাতে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বিক্ষুব্ধ দুই যুবক কেড়ে নেওয়ার পর থেকে তিনি কোথাও যোগাযোগ করতে পারছেন না।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশে পুলিশি টহল রয়েছে। গত বুধবার রাতে পুলিশ নিয়ে ওই এমডিকে থানায় আনার চেষ্টা করেছিলাম। কিন্তু বিক্ষুব্ধ সদস্যদের বাধার মুখে পারিনি।’
এনজিও সিঁড়ি ২০০৪ সাল থেকে বদরগঞ্জে কার্যক্রম শুরু করে। এটির বর্তমান সদস্য প্রায় দেড় হাজার।