টাকা না দেওয়ায় বিজ্ঞান বই পায়নি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের বুজরুক হাজিপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে টাকা না দেওয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাত মাসেও বিজ্ঞান বিষয়ের বই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চারজন শিক্ষার্থী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

ওই শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। এখন পর্যন্ত তাদের বিজ্ঞান বিষয়ের বই দেওয়া হয়নি। শিক্ষার্থীরা বই চাইলে প্রধান শিক্ষক নজরুল ইসলাম ১০০ টাকা করে চান। টাকা না দিলে বই দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চম শ্রেণির পাঁচজন শিক্ষার্থী বলে, ‘সাত মাস চলে যাচ্ছে, এখনো আমরা বিজ্ঞান বিষয়ের বই পাইনি। পরীক্ষা সামনে। এখন কী হবে, তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, ‘সরকার বিনা টাকায় বই দেয়। কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষক টাকা না হলে বই দেন না। সাত মাস আগে বই বিতরণের সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪০ টাকা করে নিয়ে বই দিয়েছেন। কিন্তু পঞ্চম শ্রেণির বিজ্ঞান বই দেননি। বই আটকে রেখে এখন ১০০ টাকা করে চাচ্ছেন। টাকা ছাড়া বই দেওয়া হবে না বলে জানিয়েছেন।’

আরেক শিক্ষার্থীর অভিভাবক সোলেমান আলী বলেন, ‘চলতি বছরের ২০ নভেম্বর থেকে সারা দেশে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ের বই হাতে পায়নি। ক্লাসও হয়নি। তাহলে তারা পরীক্ষার খাতায় কী লিখবে? এমন দুর্নীতিবাজ শিক্ষকের চাকরি থাকে কেমন করে?’

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক নজরুল ইসলাম শিক্ষার্থীদের কাছে টাকা চাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘পঞ্চম শ্রেণির বিজ্ঞান বই উপজেলা শিক্ষা কার্যালয় থেকে পাইনি। এ কারণে অন্য বিদ্যালয় থেকে একটি বই সংগ্রহ করে তা ফটোকপি করে শিক্ষার্থীদের দেওয়ার জন্য ১০০ টাকা করে চেয়েছি। এটা দোষের কিছু নয়?’

ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ওই বিদ্যালয়ে জানুয়ারিতে পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ের বইসহ সব বই দেওয়া হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক বই রেখে দিয়ে শিক্ষার্থীদের কাছে টাকা দাবি করছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’