টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে পুলিশের হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর শহরে টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের সাপ্তাহিক লক্ষ্মীপুর দিগন্ত-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মো. রাশেদ নামের ওই ব্যবসায়ী এ কথা বলেন।
মো. রাশেদ বলেন, তিনি রায়পুর শহরের ল্যাংড়া বাজার এলাকার জেনারেটর ব্যবসায়ী। গত ১৪ মার্চ রায়পুর শহরের একটি ফলের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে তাঁকে (রাশেদ) আসামি করা হয়। এরপর মামলা থেকে অব্যাহতির জন্য তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন ময়নাল।
পরে ৭ এপ্রিল রায়পুরের পূর্বচরপাতা গ্রামে তাঁর (রাশেদ) মামার বাড়িতে চুরি হয়। ওই ঘটনায় তিনি রায়পুর থানায় অভিযোগ দিতে যান। তখন এসআই ময়নাল হোসেন অাবার তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁকে পূর্বচরপাতা গ্রামের মহসিন কবিরের বাড়িতে ডাকাতির মামলায় আসামি করে থানায় আটকে নির্যাতন করেন। এরপর জেলহাজতে প্রেরণ করেন। এর কিছুদিন পর রিমান্ডে নিয়ে তাঁকে নির্যাতন করা হয়। তিন মাস ১০ দিন জেল খেটে হাইকোর্ট থেকে জামিনে তিনি বের হন। বর্তমানে ওই এসআই আবারও টাকা দাবি করছেন। অন্যথায় আরও ডাকাতির মামলায় আসামি করে তাঁকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছেন।
রাশেদ আরও বলেন, বর্তমানে পুলিশ কর্মকর্তার অব্যাহত হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি, তাঁর বৃদ্ধা মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। এ ঘটনা থেকে মুক্তি পেতে তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে রাশেদের মা ছায়েরা খাতুন ও বোন মরিয়ম বেগম উপস্থিত ছিলেন।
রায়পুর থানার এসআই মো. ময়নাল হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ডাকাতির মামলা তদন্ত করছেন এসআই আবদুল মালেক। এ বিষয় আমি কিছুই জানি না।’