টাকা না পেয়ে গুদাম কর্মকর্তার সঙ্গে দুই বিক্রেতার হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্যগুদামে দেওয়া গমের টাকা না পেয়ে উপজেলা খাদ্যগুদাম কর্মকতার সঙ্গে দুই বিক্রেতার হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিক্রেতা আর ওই গুদাম কর্মকর্তাকে ডেকে আগামীকাল রোববারের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার রৌমারী খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।
গম বিক্রেতা পরেশ চন্দ্র সাহা ও আবিদ শাহনেওয়াজ অভিযোগ করেন, দুই মাস আগে রৌমারী খাদ্যগুদামে তাঁরা ১২ টন গম বিক্রি করেন। এর মূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকা। গুদাম কর্মকর্তা আবু বক্করের কাছে বারবার এ টাকা চাইলে তিনি টালবাহানা শুরু করেন। গত বৃহস্পতিবার টাকার জন্য গেলে গুদাম কর্মকর্তা বলেন, আপনাদের বিলের টাকা পরিশোধ করা হয়েছে। এর প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
বিক্রেতারা আরও অভিযোগ করেন, গুদাম কর্মকর্তা আবু বক্কর ওই ১২ টন গমের টাকা ব্যাংক থেকে তুলে নিজে আত্মসাৎ করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। রৌমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু আহমেদের নিকট আত্মীয় তিনি। এই প্রভাব খাটিয়ে টাকাটা আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আবু বক্কর বলেন, ‘ওই ১২ টন গমের বিল ভাউচার আমি রাজু আহমেদের হাতে দিয়েছি ওই দুই বিক্রেতাকে দেওয়ার জন্য। এখন শুনছি তা দেওয়া হয়নি। আমি তাঁর কাছ থেকে টাকা ওঠানোর ব্যবস্থা করছি।’
এ ব্যাপারে রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে কথা বলতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ইউএনও শংকর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুদাম কর্মকর্তাকে তিন দিনের মধ্যে টাকা দিতে বলা হয়েছে।’