টাকা না পেয়ে কর্মচারীকে মারধরের অভিযোগ
লালমনিরহাটে বদলির জন্য দাবি করা টাকা না দেওয়ায় অনিল চন্দ্র (২৮) নামের এক কর্মচারীকে এক প্রকৌশলী মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অনিল চন্দ্রকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনিল ওই অধিদপ্তরে (ডেপুটেশনে) অফিস-সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কিছুদিন আগে বদলি হয়ে হাতীবান্ধা উপজেলায় যোগদান করেন। অনিল হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গুরুচরণ চন্দ্রের ছেলে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন অনিল গতকাল শনিবার বিকেলে অভিযোগ করে বলেন, ‘লালমনিরহাট থেকে তাঁর নিজ উপজেলা হাতীবান্ধায় বদলি করার জন্য নির্বাহী প্রকৌশলী বাদশাহ্ মিয়া আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। আমি তাঁকে তিন হাজার টাকা দিতে চেয়েছিলাম। এ বিষয় নিয়ে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাদশাহ্ মিয়া আমাকে গালমন্দ করেন ও গলা টিপে ধরেন। এ সময় তিনি আমার পিঠে কিল-ঘুষি ও পেছনে লাথি মারেন। আমি মাটিতে পড়ে যাই। একপর্যায়ে চিৎকার করলে অফিসের আশপাশের মানুষ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক লালমনিরহাট জনস্বাস্থ্য কার্যালয়ের কয়েকজন কর্মচারী বলেন, নির্বাহী প্রকৌশলী বাদশাহ্ বিভিন্ন সময় কর্মচারীদের প্রেষণে পাঠান। পরে সেই কর্মচারীর কাছ থেকে ঘুষ নিয়ে প্রেষণ বাতিল করে নিজ কর্মস্থলে ফেরত পাঠান। এসবের প্রতিবাদ করতে গেলে অসহায় কর্মচারীকে তিনি গালমন্দসহ প্রায় সময় মারধর করেন।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী বাদশাহ্ মিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘জেলা অফিসের জনবল কম থাকায় তাঁকে (অনিলকে) এ অফিসে হাতীবান্ধা থেকে ডেপুটেশনে আনা হয়েছিল, অন্য একজনকে পাওয়া গেলে তাঁকে তাঁর মূল কর্মস্থলে যাওয়ার জন্য ছাড়পত্র দিতে চেয়েছিলাম। কোনো টাকাপয়সা চাওয়ার দাবি সঠিক নয়। অনিল শুক্রবার রাতে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলে ও তখনই ছাড়পত্র চাইলে আমি তাকে দুচারটা বকাঝকা দিয়েছি, হয়তো ধাক্কাধাক্কি হয়ে থাকতে পারে।’
অনিল কীভাবে হাসপাতালে ভর্তি হলো, এ বিষয়ে জানতে চাইলে বাদশাহ্ বলেন, এটা তাঁর অফিসের অন্য কর্মচারী ও এলাকার কিছু লোকের ষড়যন্ত্র।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’