টাকা না পেয়ে নির্যাতন, ডাকাতির মামলায় গ্রেপ্তার!
এক লাখ টাকা চেয়ে না পেয়ে এক ঠিকাদারকে পিটিয়ে তিনটি আঙুল ভেঙে দিয়েছেন যশোরের কোতোয়ালি থানার এক উপপরিদর্শক (এসআই)। এরপর ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডও চেয়েছেন। গোলাম মোস্তফার পরিবারের এই অভিযোগের জবাবে পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
গোলাম মোস্তফার (৩৫) বাড়ি যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে এসে তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন।
মোস্তফার স্বজন ও পুলিশের কয়েকজন সদস্য প্রথম আলোকে বলেন, ৯ সেপ্টেম্বর দুপুরে যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ মোস্তফাকে আটক করেন কোতোয়ালি থানার এসআই জামাল উদ্দীন। তিনি দুজনকে কোতোয়ালি থানায় না নিয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তাঁর কাছে ১০ হাজার টাকা চান। মোস্তফা পাঁচ হাজার টাকা দিতে রাজি হন। এতে সন্তুষ্ট না হয়ে এসআই জামাল তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যান।
মোস্তফার ফুপাতো ভাই সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা থানায় গেলে এসআই জামাল এক লাখ টাকা দাবি করেন। ওই টাকা না দিলে ডাকাতি বা খুনের মামলায় মোস্তফাকে চালান দেওয়ার হুমকি দেন। আমরা ২০ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি ছিলাম। তখন জামাল বলেন, ‘‘এখন আর এত কম টাকায় হবে না। ওসিকে ভাগ দিতে হবে। থানার বাইরে হলে হতো। এখন আর হবে না।’’ আমরা বিষয়টি থানার ওসিকে জানাই। ওসি দারোগা জামালের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।’
সুলতান আহমেদ আরও বলেন, ‘বিষয়টি আমার এক আত্মীয় সাংবাদিককে জানালে এসআই জামাল আরও খেপে যান। তিনি দৌড়ে থানা হাজতে ঢুকে আমাদের সামনে মোস্তফাকে হকিস্টিক (হকি খেলার লাঠি) দিয়ে পেটাতে থাকেন। চেয়ারের ওপর আঙুল রেখে পেটাতে শুরু করেন। এতে তাঁর তিনটি আঙুল ভেঙে যায়। এরপর আদালতে চালান করে দেন।’ পরদিন তাঁরা জানতে পারেন যে ডাকাতির মামলায় মোস্তফাকে চালান দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে এসআই জামাল উদ্দীন দাবি করেন, ‘আমি কারও কাছে টাকা চাইনি। নির্যাতনের অভিযোগও সত্য নয়।’ একই কথা বলেন কোতোয়ালি থানার ওসি ইনামুল হক।
যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মহিউদ্দীন হায়দার প্রথম আলোকে বলেন, ‘আদালতের মাধ্যমে গোলাম মোস্তফাকে যখন (১০ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়, তখন তাঁর ডান হাতের পাতায় জখমের চিহ্ন ছিল। হাত ফোলা ছিল। পরে তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’
৩ সেপ্টেম্বর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কর্মকারপাড়ার একটি বাড়িতে ডাকাতির ঘটনায় শচীন কুমার মজুমদার নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মোস্তফাকে আদালতে চালান দেওয়া হয়েছে। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে ১০ সেপ্টেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করে। আজ মঙ্গলবার ওই আবেদনের শুনানি হওয়ার কথা।
ওই ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিরাজ মোসাদ্দেক। গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনি আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন।
গোলাম মোস্তফা সম্পর্কে জানতে চাইলে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘সমাজের অভিভাবক হিসেবে বলতে পারি, মোস্তফা নেশাগ্রস্ত নয়। তাঁর বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইয়ের মতো অপরাধেরও কোনো অভিযোগ নেই। ছেলেটি দীর্ঘদিন বিদেশে ছিল। আবার যাওয়ার চেষ্টা করছে। উঠতি বয়স। সে যদি কোনো অনৈতিক ঘটনার সঙ্গে জড়িত হয়, তার জন্যে জেল-জরিমানার ব্যবস্থা আছে। কিন্তু থানায় নিয়ে নির্যাতন করে ডাকাতির মতো গুরুতর অপরাধের মামলায় ফাঁসিয়ে পুলিশ চরম অমানবিক কাজ করেছে।’