টাকা না পেয়ে মাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলায় আজ সোমবার টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পুলিশ ও এলাকাবাসী বলছে, ওই তরুণ মাদকাসক্ত। মা নেশার টাকা দিতে অস্বীকার করায় এ হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ওই তরুণের হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন নানা।

নিহত মায়ের নাম হাওয়া বেগম (৫৫)। তিনি সদর উপজেলার তেলকুপি উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মমতাজ উদ্দিনের স্ত্রী ছিলেন। এই দম্পতির তিন ছেলেমেয়ে। এর মধ্যে হত্যার অভিযোগ উঠেছে যে তরুণের বিরুদ্ধে, তিনি এই দম্পতির বড় সন্তান। তাঁর নাম শিমুল হোসেন (২২)। তিনি বেকার। পড়াশোনা করেনি। ছোট বোনের বিয়ে হয়ে গেছে। সবচেয়ে ছোট ভাই স্থানীয় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলায় তেলকুপি এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করেছে শিমুল হোসেন। আজ সকাল সাড়ে আটটার দিকে শিমুলের মা হাওয়া বেগম রান্না করছিলেন। এ সময় শিমুল মায়ের কাছে নেশার টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে শিমুল কাছে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে মা হাওয়া বেগমকে কোপাতে থাকেন। এ সময় ওই বাড়িতে বেড়াতে আসা শিমুলের নানা শুকুর আলী (৫৬) বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে আহত করেন শিমুল।
মা হাওয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। নানা শুকুর আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘নেশার টাকা না পেয়ে শিমুল তাঁর মাকে হত্যা করেছেন বলে জানতে পেরেছি। বেশ কয়েক বছর ধরেই শিমুল মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাড়ির লোকজনকে অত্যাচার করতেন। শিমুলকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে আনা হয়েছিল।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহত নারীর স্বামী মমতাজ উদ্দিন বাদী হয়ে ছেলে শিমুল হোসেনকে আসামি করে একটি মামলা করেছেন। শিমুল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।