টাকা নিয়ে স্বামী লাপাত্তা এরপর গৃহবধূকে নির্যাতন
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সালমা খানম (২০) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সালমা গত শুক্রবার শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। সালমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালমার পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সালমা উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের আকুব্বর সরদারের মেয়ে। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের শাহাজাহান মোল্লার (২৮) বিয়ে হয়।
গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় সালমার সঙ্গে। সালমা বলেন, বিয়ের পর থেকে ভালোই চলছিল তাঁদের সংসার। এক বছর ধরে শাহাজাহানের বিদেশে যাওয়ার ইচ্ছা জাগে। এরপর বিদেশে পাঠানোর জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন শাহাজাহান। এতে রাজি না হওয়ায় শাহাজাহান প্রায়ই তাঁকে মারধর করতেন। পাঁচ মাস আগে বিদেশে যেতে তাঁর (সালমা) বাবা ও ভাইয়েরা ধারদেনা করে শাহাজাহানকে সাড়ে তিন লাখ টাকা দেন। ওই টাকা পাওয়ার পর থেকে শাহাজাহানের খোঁজ নেই। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।
১৫ দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় খবর পান শ্বশুরবাড়ির লোকজন তাঁর ঘরের সব মালামাল সরিয়ে ফেলেছেন। সালমা বলেন, ‘গত বুধবার বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে দেখি, ঘরে কোনো আসবাব ও মালামাল নেই। ঘর পাটকাঠি ও খড়কুটা দিয়ে বোঝাই।’ এ বিষয়ে জানতে চাইলেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন। সন্ধ্যার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় তিনি গত শুক্রবার রাতে শাশুড়ি তহুরননেছা, ভাশুর আফজাল মোল্লা, খাজা মোল্লা, খায়ের মোল্লা ও সাজ্জাদ মোল্লা, সাজ্জাদের স্ত্রী শারমিন ও ননদ আসমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
মামলার পর থেকেই সালমার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। এ কারণে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে স্থানীয় দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ ফিরোজ আলম বলেন, ‘শুনেছি ওই টাকা পাওয়ার পর থেকে শাহাজাহান পলাতক রয়েছেন। এ বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু শাহাজাহানের পরিবার সাড়া দেয়নি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, গত বুধবার থেকে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।