টাকা নিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ!
নরসিংদীর পলাশে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ফিরে গেছে অভিযান পরিচালনাকারী দল। টাকা নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
রেলওয়ে ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়াশাল টান রেলওয়ে স্টেশন থেকে নামা রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় আড়াই শ লোক ব্যবসা পরিচালনা করছেন। এর মধ্যে ১৫০ জন নামমাত্র ইজারা নিয়েছিলেন। এসব ইজারার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। সম্প্রতি রেলওয়ে কার্যালয়ের উচ্ছেদ অভিযানের আওতায় গত ২৮ জুলাই ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে একটি দল যায়। এ দলে আরও ছিলেন সার্কেল কর্মকর্তা (রাজস্ব) মো. মোস্তফা মিয়া, সংশ্লিষ্ট কানুনগো ও ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা। তাঁদের সহযোগিতা করেন ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের কর্মচারী মো. বাচ্চু মিয়া ও স্থানীয় স্যানিটারি ব্যবসায়ী আবুল কাশেম। সে সময় কর্মকর্তারা বাচ্চু মিয়া ও আবুল কাশেমের সহযোগিতায় অবৈধ স্থাপনায় ব্যবসা পরিচালনাকারীদের কাছ থেকে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার কথা বলে টাকা আদায় করেন। পরে উচ্ছেদ কার্যক্রম না চালিয়ে তাঁরা চলে আসেন। অভিযানের পরবর্তী তারিখ নির্ধারিত ছিল ৯ আগস্ট। সেদিনও অভিযান চালানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ১০ থেকে ১২ জন ব্যবসায়ী বলেন, রেলের লোকজন প্রথমে উচ্ছেদ করবেন বলে জানান। পরে বাচ্চু ও কাশেমের মাধ্যমে তাঁরা টাকাপয়সা তোলেন। মাথাপিছু ন্যূনতম পাঁচ হাজার টাকা করে তোলা হয়। যাঁরা কয়েকতলা ভবন করে ফেলেছেন, তাঁদের আরও বেশি টাকা দিতে হয়েছে। এ কারণে অভিযানের কথা থাকলেও তা আর হয়নি।
ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরীফুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়েছিলাম উচ্ছেদ অভিযানটি হোক। কারণ, এসব অবৈধ স্থাপনা পৌর এলাকার সড়ক সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অভিযান চালাতে আসা ওই কর্মকর্তারা টাকাপয়সা নিয়ে চলে গেছেন। আমি শুনেছি, তাঁরা ব্যবসায়ীর প্রকারভেদে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন।’
রেলওয়ের কর্মচারী মো. বাচ্চু মিয়া গতকাল মঙ্গলবার বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি, কাউকে টাকা দিইনি। কেউ এর প্রমাণ দিতে পারবে না।’ আবুল কাশেমের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আমাদের জায়গা পরিদর্শন করে তা চিহ্নিত করতে গিয়েছিলাম। পরবর্তী সময়ে এ সম্পত্তিগুলো বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হবে।’