টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো বহুজাতিক কোম্পানিতে ‘লোভনীয় বেতনের চাকরি’ আবার কখনো দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধযোগ্য ‘সহজ শর্তে ঋণ’ দেওয়ার কথা বলে দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতে একটি প্রতারক চক্র। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সেই ফাঁদে পা দিয়ে এখন অনেকেই দিশাহারা। এসব মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে উধাও হয়েছে ওই প্রতারক চক্রটি।
প্রতারক চক্র ‘কনফিডেন্ট গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড’ বলে একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে ওই ফাঁদ পাতে। বিজ্ঞাপনে বহুজাতিক কোম্পানি বলে পরিচয় দেওয়া প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ করা হয় ‘প্যারামাউন্ট হাইটস টাওয়ার, ৬৫/২-১ (অষ্টম ফ্লোর), সুইট নং ৮সি-২, বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা।’ জামানত ও সঞ্চয়ের নামে টাকা হাতানোর পর এখন ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের লোকজন উধাও।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিন এবং প্রায় কাছাকাছি সময়ে বগুড়ার দৈনিক করতোয়া পত্রিকায় ‘আকর্ষণীয় বেতনে নিয়োগ’ এবং ‘দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধযোগ্য সহজ শর্তে ঋণ’ শিরোনামে ওই প্রতিষ্ঠানের নামে দুটি বিজ্ঞাপন ছাপা হয়। বিজ্ঞাপন দেখে যোগাযোগের পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দামি গাড়িতে চড়ে প্রকল্প পরিদর্শনে আসেন। তাঁদের চলনে-বলনে, পোশাকে ছিল আভিজাত্যের ছাপ। পরে মোটা অঙ্কের ঋণ বরাদ্দের ‘মঞ্জুরিপত্র’ ধরিয়ে দেওয়া হয় ঋণপ্রত্যাশীদের হাতে। সঙ্গে মঞ্জুর হওয়া ঋণের টাকার ব্যাংক চেক। কিন্তু এসবের বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ সঞ্চয় বাবদ হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। একইভাবে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকেও জামানত বাবদ টাকা হাতিয়ে নেওয়া হয়। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে প্রতারক চক্রটি বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
বগুড়া শহরের জয়পুরপাড়ার সিমেন্ট ব্যবসায়ী তৌহিদ হাসান প্রথম আলোকে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে গত নভেম্বরে মুঠোফোনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন তিনি। তাঁকে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে যেতে বলা হয়। রাজধানীর পুরানা পল্টন এলাকার ওই কার্যালয়ে গেলে একজন নারী অভ্যর্থনা জানিয়ে মোজাম্মেল হক নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে নিয়ে যান। ব্যবস্থাপনা পরিচালক তিন হাজার টাকা জমা দিয়ে ঋণ আবেদন ফরম সংগ্রহ করতে বলেন। আবেদন ফরম পূরণ করে জমা দেওয়ার কয়েক দিন পর দুজন কর্মকর্তা বগুড়ায় এসে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে যান। পরে ১২ শতাংশ সঞ্চয় বাবদ তিন লাখ টাকা জমা দিয়ে ঢাকা কার্যালয় থেকে ২০ লাখ টাকার চেক সংগ্রহ করতে বলা হয় তাঁকে। ৯ ডিসেম্বর আবার ঢাকা কার্যালয়ে গেলে চুক্তিপত্র হাতে দিয়ে তিন লাখ টাকা তাৎক্ষণিকভাবে জমা দিতে বলা হয়। ধারদেনা করে তিন লাখ টাকা জোগাড় করে জমা দেওয়ার পর ২০ লাখ টাকার ব্র্যাক ব্যাংকের একটি চেক তাঁকে দেওয়া হয়। কিন্তু ব্যাংকে চেক জমা দেওয়ার পর ব্যবসায়ী তৌহিদ জানতে পারেন, ওই হিসাব নম্বরে কোনো টাকা নেই। কর্মকর্তাদের মুঠোফোনে ফোন করে তা-ও বন্ধ পান। তখন ঢাকায় এসে দেখেন প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলছে। সেখানে টানানো হয়েছে অন্য একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড।
ব্যবসায়ী তৌহিদ হাসান আরও বলেন, ‘২১ ডিসেম্বর পল্টন থানায় প্রতারক চক্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করি। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নামে উকিল নোটিশ পাঠানো হলেও তা ফেরত আসে।’ তাঁর ধারণা, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাটসহ সারা দেশের কয়েক শ মানুষের কাছ থেকে প্রতারক চক্রটি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে বিভিন্ন জেলার প্রতারিত ব্যক্তিদের মধ্যে ৯ মার্চ বগুড়া নিউ মার্কেটের টেইলার্স ব্যবসায়ী আবদুল গফুর, কালীতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেইরি ব্যবসায়ী, গাইবান্ধার মাসুদ আলম, নওগাঁর নেপাল চন্দ্র ও শ্যামল চন্দ্র এবং লক্ষ্মীপুরের আবু তারেক একত্র হয়ে বগুড়ায় প্রথম আলোর কার্যালয়ে আসেন। তাঁরা নিজেদের প্রতারিত হওয়ার কাহিনি বলেন। নওগাঁর রানীনগর উপজেলার দমদমা গ্রাম থেকে আসা নেপাল চন্দ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পুঁজির অভাবে ব্যবসা দিতে পারছিলাম না। পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে ঋণের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করি। মোটা অঙ্কের পুঁজি দেওয়ার কথা বলে তারা ৬ লাখ ৫৩ হাজার টাকা সঞ্চয় হাতিয়ে নেয়। কিন্তু ব্র্যাক ব্যাংক নওগাঁ শাখায় ঋণ মঞ্জুরির চেক জমা দেওয়ার পর তা প্রত্যাখ্যাত হয়।’
লক্ষ্মীপুরের আবু তারেক বলেন, মাসিক ২৫ হাজার টাকা বেতনের চুক্তিতে গত নভেম্বরে ‘আঞ্চলিক পরিচালক’ পদে নিয়োগপত্র দেওয়া হয় তাঁকে। এরপর তাঁর মাধ্যমে ২৩ জন গ্রাহকের কাছ থেকে ঋণ আবেদন ফরম বাবদ ৬৯ হাজার এবং সঞ্চয় বাবদ প্রায় নয় লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন কার্যালয়ে তালা ঝুলিয়ে উধাও কর্মকর্তারা।
এদিকে কনফিডেন্ট গ্রুপ অব কোম্পানিজের প্যাডে দেওয়া ঋণ মঞ্জুরিপত্রে ছাপানো ফোন নম্বর এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পরিচয়দানকারী মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
ব্র্যাক ব্যাংকের রাজধানী ঢাকার বিজয়নগর শাখার ব্যবস্থাপক আহসানুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতারিত ব্যক্তিদের যে হিসাব নম্বরের চেক দেওয়া হয়েছে, তাতে টাকা না থাকায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এ পর্যন্ত ১৭টি চেক প্রত্যাখ্যাত হয়েছে। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়কে জানানোর পর তদন্তও শুরু হয়েছে।