টাকা নিয়ে প্রবেশপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় বিধি লঙ্ঘন করে এক হাজার টাকা করে নিয়ে হোমনা রেহানা মজিদ কলেজ কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার্থী ও অভিভাবকেরা এ অভিযোগ করেছেন।
হোমনা রেহানা মজিদ কলেজ সূত্রে জানা গেছে, এ বছর ওই কলেজ থেকে ১৮৮ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের কয়েকজন পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার বলে, ‘এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় চার থেকে সাত হাজার টাকা করে ফি দিয়েছি। প্রবেশপত্র দিয়ে প্রত্যেকের কাছ থেকে আবার এক হাজার করে টাকা নিয়েছেন স্যারেরা।’
অভিভাবক জুলহাস মিয়া বলেন, ‘আমার মেয়ের টফরম পূরণে ৪ হাজার ৪০০ টাকা দিতে হয়েছে। আবার প্রবেশপত্র দিয়ে ১ হাজার টাকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান গতকাল বলেন, ‘এ বছর আমাদের কলেজ থেকে ১৮৮ জন ছাত্রী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ছাত্রীদের বিদায় অনুষ্ঠান, মিলাদ করা এবং ক্রেস্ট প্রদানের জন্য ১ হাজার করে টাকা নেওয়া হয়েছে।’