টাকা নিয়ে বই বিতরণ?
জামালপুর সদর উপজেলার রেলওয়ে উচ্চবিদ্যালয়ে টাকা নিয়ে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার জামালপুরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। জামালপুর রেলওয়ে উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ৮০ জন ও অষ্টম শ্রেণিতে ৮৭ জন শিক্ষার্থী রয়েছে। এদের বেশির ভাগের কাছ থেকে টাকা নিয়ে বই দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, নতুন বই দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ থেকে ৩৫০ টাকা করে নিয়েছে। টাকা নেওয়ার বিষয়টি অন্য কাউকে জানাতে নিষেধও করেছে কর্তৃপক্ষ। অনেকটা বাধ্য হয়ে বইয়ের জন্য টাকা দিতে হয়েছে তাঁদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, ‘গত বৃহস্পতি ও শনিবার শিক্ষার্থীদের কাছ থেকে ৩৬০ টাকা করে সেশন ফি নেওয়া হয়েছে। রোববার নতুন বই বিতরণের সময় কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি।’