কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে বাছাইকৃত আওয়ামী লীগ তিন প্রার্থীর নাম কেন্দ্রে না পাঠিয়ে টাকার বিনিময়ে অন্যদের নাম পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দলদলিয়া ইউপিতে তৃণমূলের ভোটে বাছাই হওয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ধামশ্রেণী ইউপির রাকিবুল হাসান সরদার এবং তবকপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল গত বুধবার উলিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তাঁরা বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল তাঁদের একক প্রার্থী হিসেবে বাছাই করে। কিন্তু কেন্দ্রে তালিকা পাঠানোর সময় অর্থের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা তাঁদের নামের স্থলে বিতর্কিত ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নাম পাঠিয়েছেন। এতে তাঁরা মনোনয়নবঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে রাকিবুল হাসান সরদার তাঁর মনোনয়ন বাতিলের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী রায় ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, মতি শিউলী হুমকি দিয়ে বলেছেন যে তৃণমূলে জিতলেই মনোনয়ন পাওয়া যায় না। এক প্রশ্নের জবাবে রাকিবুল বলেন, ‘এর প্রমাণস্বরূপ তাঁর (শিউলী) বক্তব্যের অডিও আমার কাছে আছে।’ তিনি বলেন, ‘তৃণমূলের ভোটে আমি মনোনীত হলেও আমার নাম কারসাজি করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে জমা দেওয়া হয়নি।’
মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বলেন, ‘তৃণমূলের ভোটের ফলাফলের কাগজ দলের সভানেত্রী পর্যন্ত পৌঁছালে আমার মনোনয়ন কোনোভাবেই পরিবর্তন হতো না।’ তাঁর অভিযোগ, তৃণমূলের ভোটে চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকা পরিবর্তন করে তাঁর নামের স্থলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওয়াদুদ হোসেন মুকুল অভিযোগ করেন, স্থানীয় কিছুসংখ্যক নেতা গোপনে টাকা লেনদেন করায় তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে।
জানতে চাইলে মতি শিউলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে যাচাই-বাছাইয়ে যদি নাম বাদ যায়, সে ক্ষেত্রে আমার কিছু করার নেই। আর যাঁরা বঞ্চিত হন তাঁরা মনের দুঃখে অনেক কথা বলেন। আমার দিক থেকে আমি সৎ আছি। এ ছাড়া টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না।’