টাকা নিয়ে সনদ দেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন ওরফে বাপ্পির বিরুদ্ধে টাকা নিয়ে ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছেত্রা গ্রামের আবদুস ছাত্তার কিশোরগঞ্জ সিভিল সার্জনের কাছে গত রোববার এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত বলেন, অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট উপজেলার গুরুই ইউনিয়নের ছেত্রা গ্রামের মৃত রবিউল আলমের স্ত্রী মিছিরন (৬০) তাঁর দেবরের ছেলে ছাত্তার ও অপর এক আত্মীয়র সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে ওই দিন সন্ধ্যা সাতটায় মিছিরনের ছেলে রহিম তাঁকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঈন উদ্দিনের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করেন। নয় দিন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসক মঈন উদ্দিন মিছিরনকে কুপিয়ে জখম করা হয়েছে মর্মে ভুয়া সনদ দেন। ওই সনদ দেখিয়ে ২৫ আগস্ট রহিম বাদী হয়ে আবদুস ছাত্তারসহ চারজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করেন।
ছাত্তার মিয়া অভিযোগ করেন, টাকার বিনিময়ে চিকিৎসক মঈন উদ্দিন ভুয়া সনদ দিয়েছেন। তিনি সনদ-বাণিজ্যের সঙ্গে জড়িত। এ কারণে তিনি নিকলী হাসপাতাল থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে বদলি হয়ে গেছেন।
এ ব্যাপারে মঈন উদ্দিন বলেন, ‘আমি টাকা নিইনি। রোগীর চিকিৎসা করতে গিয়ে যা পেয়েছি, সার্টিফিকেটেও তা লিখেছি।’ রহিম মিয়া মুঠোফোনে বলেন, ‘ছাত্তার আমার মাকে মারধর করেছে। তাই মামলা করেছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা নিকলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সনদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তদন্তে সত্য-মিথ্যা জানা যাবে।