টাকা নিয়ে ১২ জনকে নিয়োগ দিয়ে চলে গেলেন ইউএনও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ১২টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে চাহিদামতো টাকা না পাওয়ায় অনিয়ম করে ওই সব নিয়োগ দেন।

ইউএনও সাদেকুল ইসলামকে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বদলি করা হয়েছে। ১৯ আগস্ট বদলির আদেশ হাতে পাওয়ার পর গত বৃহস্পতিবার (২১ আগস্ট) শেষ কার্যদিবসে অনিয়ম করে ১৪টির মধ্যে ১২টি পদে নিয়োগ দেন। তবে নিয়োগপত্রে স্বাক্ষর করে ১৯ আগস্ট তারিখ উল্লেখ করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানেরা নির্বাচিত তিনজন করে প্রার্থীর তালিকা উপজেলা শিক্ষা কার্যালয়ে পাঠান। পরে উপজেলা নিয়োগ কমিটি গত এপ্রিল মাসে নিয়োগ পরীক্ষা শেষ করে। ওই সময়ে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ করা হলেও ১৪টি পদের নিয়োগ আটকে রাখেন নিয়োগ কমিটির সভাপতি ইউএনও।

ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, তাঁদের কাছ থেকে চাহিদামতো টাকা না পেয়ে ইউএনওবদলি হওয়ার পর ১২ জনকে নিয়োগপত্র দেন। গত রোববার নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যোগদান করতে গেলে বিষয়টি প্রকাশ পায়। নিয়োগপ্রাপ্ত চারজন নাম প্রকাশ না করার শর্তে টাকার বিনিময়ে নিয়োগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ‘এসব নিয়োগের বিষয়ে স্থানীয় সাংসদের পরামর্শ নেওয়ার নিয়ম রয়েছে। তবে তা নেওয়া হয়নি। ওই ১২টি পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ-সংক্রান্ত চিঠি বা তার অনুলিপি আমাকে দেওয়ার বিধান থাকলেও তা করা হয়নি।’

সাংসদ এনামুল হক বলেন, ‘ওই ১২টি পদে নিয়োগের ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে টাকার বিনিময়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে এবং অনেকের কাছ থেকে টাকা নিয়েও নিয়োগ দেওয়া হয়নি বলে আমি অভিযোগ পেয়েছি।’

এসব অভিযোগ অস্বীকার করে ইউএনও সাদেকুল ইসলাম বলেন, ‘এটা অপপ্রচার মাত্র।’ তিনি তিন মাস পর কমিটির অন্যদের অনুমোদন না নিয়ে ১২ জনকে নিয়োগ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়ার এক মাসের মধ্যে অনুমোদন দেওয়া না হলে তা এমনিতেই অনুমোদন হয়ে যায়। এ জন্য আমি নিয়োগ দিয়েছি।’ তবে অন্যত্র বদলির আদেশের পর কেন নিয়োগ দিলেন, এ প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।