টাকা নেওয়ার পর বলা হলো টিউমার অপসারণ সম্ভব নয়
ভোলা শহরের বেসরকারি একটি ক্লিনিক পেটের টিউমার অপসারণের জন্য দরিদ্র এক রোগীর কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। ক্লিনিকে থাকা ও পরীক্ষা-নিরীক্ষা বাবদ ওই রোগীর খরচ হয় আরও প্রায় ১৫ হাজার টাকা। কিন্তু চিকিৎসক অস্ত্রোপচার না করেই ওই রোগীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ওই রোগীর নাম রোকেয়া বেগম (৪৮)। তাঁর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাঁচরা ইউনিয়নে। গতকাল সোমবার রোকেয়ার স্বামী কৃষক ফিরোজ বিশ্বাস ও তাঁর ছেলে সাঈদ ইকবাল বলেন, কয়েক দিন ধরে পেটব্যথা করায় তাঁরা রোকেয়া বেগমকে নিয়ে শহরের হাবিব ক্লিনিকে ভর্তি করান। তিনি ক্লিনিকের গাইনি বিশেষজ্ঞ সুমাইয়া আক্তারের চিকিৎসাধীন ছিলেন। সুমাইয়া পরীক্ষা-নিরীক্ষা করে রোগীর পেটে থাকা টিউমার অপসারণ করার জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন। এ জন্য তাঁরা তাঁদের দুই শতাংশ জমি বিক্রি করে ২৫ হাজার টাকা ও পাঁচ ব্যাগ রক্ত সংগ্রহ করেন। শনিবার ক্লিনিকের আনুষঙ্গিক খরচ পরিশোধ করেন। পরে চিকিৎসক রোগীর টিউমার অপসারণের জন্য ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষে নেন। কিন্তু টিউমার অপসারণ সম্ভব নয় বলে তিনি আবার সেলাই করে কক্ষ থেকে বেরিয়ে আসেন। এরপর চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে ঢাকায় নিতে পরামর্শ দেয়। কিন্তু সব টাকা শেষ হয়ে যাওয়ায় তাঁরা ঢাকায় নিতে পারেননি।
সুমাইয়া আক্তার বলেন, ‘অস্ত্রোপচার করে টিউমারের অবস্থান দেখাও পরীক্ষা-নিরীক্ষার অংশ। ভোলার পরীক্ষা-নিরীক্ষা ভালো নয় এবং অপারেশন থিয়েটারে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতির অভাব আছে। এ জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছি।’