বুড়িগঙ্গায় লাশ
টাকা পেলে আধা ঘণ্টার মধ্যেই বিএনপির মনোনয়নপ্রত্যাশী বক্করকে ফিরিয়ে দিতে চেয়েছিল ওরা
বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বক্কর যশোর থেকে সাইফুর রহমান নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ১২ নভেম্বর ঢাকার পুরান পল্টনের হোটেল মেট্রোপলিটনে ওঠেন। তাঁর সঙ্গী স্থানীয় মেম্বার সাইফুরকে না বলেই ব্যাগপত্র নিয়ে ১৮ নভেম্বর রাত ৮টার পর হোটেল ছাড়েন যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর (৬৫)। হোটেল কর্তৃপক্ষের দাবি, ব্যাগপত্র নিয়ে স্বাভাবিকভাবেই হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন এই বিএনপি নেতা।
আবু বক্করের সঙ্গী সাইফুর ও তাঁর পরিবারের সদস্যরা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। সাইফুর রহমান বলেন, আবু বক্কর নিজ খরচে তাঁকে ঢাকায় নিয়ে আসেন। গত ১৮ নভেম্বর বিকেলে বক্কর তাঁকে নিয়ে ঘুরতে যান। সন্ধ্যার পর হোটেলের নিচে আসার পর সাইফুর ওষুধ কিনতে যান। আবু বক্কর তখন ওপরে উঠে যান। ওষুধ কিনে ফিরে এসে সাইফুর দেখেন, ব্যাগপত্র যা ছিল সব নিয়ে আবু বক্কর বেরিয়ে গেছেন।
এদিকে মেট্রোপলিটন হোটেলের সহকারী ব্যবস্থাপক আবদুল মান্নান রোববার প্রথম আলোকে বলেন, আবু বক্কর তাঁর ব্যাগপত্র নিয়ে স্বাভাবিকভাবে হোটেল থেকে বের হয়ে যান। হোটেলের ক্লোজড সার্কিট ক্যামেরায় এই দৃশ্য দেখা গেছে।
আবু বক্করের ভাইপো হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথম আলোকে তিনি বলেন, হোটেল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তাঁর মোবাইলে ফোন করেন আবু বক্কর। হুমায়ুন বলছেন, ওই দিন রাত ৮টা ৪৩ মিনিটে বক্করের মোবাইল থেকে ফোন আসে। রমনা পার্কের কাছে আছেন জানিয়ে আবু বক্কর তখন বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। টাকা চাচ্ছে।’
হুমায়ূনের দাবি, ফোন পেয়েই পরিচিত লোকজন নিয়ে রমনা পার্কের আশপাশে খোঁজ নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর বক্করের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে আবু বক্করের ভাগনে জাহিদ বলছেন, মুক্তিপণের টাকা চাওয়া হয়েছিল তাঁর কাছে। ঘটনার দিন যশোরের কেশবপুরে ছিলেন জাহিদ। তিনি বলেন, সেদিন রাত ১২টার পর দুর্বৃত্তরা মোবাইলে ফোন দেয়। মুক্তিপণ চাওয়া হয়। পরে দুর্বৃত্তদের দেওয়া নম্বর খালাতো ভাই পলাশকে দেন জাহিদ।
এরপরে পলাশ দুর্বৃত্তদের দেওয়া মোবাইল নম্বরে ফোন দেন। পলাশ প্রথম আলোকে বলেন, ফোন দেওয়ার পর দুর্বৃত্তরা জানায় দেড় লাখ টাকা দিলে বক্করকে ছেড়ে দেওয়া হবে। তখন ১২টি বিকাশ নম্বর দেয় দুর্বৃত্তরা। এই নম্বরগুলোতে টাকা পাঠাতে বলা হয়।
পলাশ বলছেন, অপহরণকারীরা তাঁকে বক্করের সঙ্গে কথা বলতে দেয়নি। তবে অপহরণকারীরা বলেছিল যে, বক্কর তাদের কাছে আছে। টাকা দিলে আধা ঘণ্টার মধ্যে হোটেল মেট্রোপলিটনে বক্করকে পৌঁছে দেওয়া হবে।
পলাশের দাবি, ১৮ নভেম্বর দিবাগত রাত ২টা ২৯ মিনিটেও অপহরণকারীদের সঙ্গে কথা বলেন তিনি। পরদিন সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ৫২ মিনিট পর্যন্ত পাঁচ দফা অপহরণকারীদের সঙ্গে তিনি কথা বলেন। এরপর থেকে অপহরণকারীদের দুটো ফোনই বন্ধ পাওয়া যায়। পলাশ বলছেন, দুজন দুর্বৃত্তের সঙ্গে তাঁর কথা হয়েছে। অপহরণকারীদের ১ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়। আধা ঘণ্টার মধ্যে বক্করকে হোটেলে পৌঁছে দিয়ে আসার কথা বলা হয়।
১৯ নভেম্বর বুড়িগঙ্গা থেকে আবু বক্করের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা-পুলিশ। সেদিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়। এর আগে বক্করকে খুঁজে না পাওয়ার বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছিল বক্করের পরিবার।
আবু বক্করের ভাইপো হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, আবু বক্করের কোনো শত্রু ছিল না। তাঁকে খুন করা হয়েছে। খুনিদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, আবু বক্কর নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। তাঁরা এ ব্যাপারে ভালো বলতে পারবে।
ওদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান প্রথম আলোকে বলেন, আবু বক্করের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
আরও পড়ুন:-