টাকা ফেরত চাওয়ায় এক নারীকে মারধর
দিনাজপুরের খানসামায় পল্লী বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাইলে এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম আয়শা সিদ্দিকা (৩৫)। তিনি কুমড়িয়া গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী রশিদুল ইসলাম, সোলায়মান আলীসহ কয়েকজন অভিযোগ করেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিদ্যুৎ-সংযোগ নিতে তাঁরা পল্লী বিদ্যুতের কার্যালয়ে ৬৫০ টাকা করে জমা দেন। বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে ওই এলাকার ৫৩ ব্যক্তির কাছ থেকে এক বছর আগে ১ লাখ ২৮ হাজার ৪০০ টাকা আদায় করেন গ্রামের আবদুল হাই ওরফে মানিক (৩৮)। কিন্তু এত দিনেও তাঁরা বিদ্যুৎ-সংযোগ পাননি। ভুক্তভোগীরা বিদ্যুৎ-সংযোগের কথা বলতে থাকলে আবদুল হাই টালবাহানা শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুরে আয়শা সিদ্দিকা মানিকের বাড়িতে গিয়ে বিদ্যুৎ-সংযোগের জন্য তাঁদের দেওয়া ছয় হাজার টাকা ফেরত চান। এ সময় আবদুল হাই ও তাঁর স্ত্রী রিনা বেগমসহ পরিবারের লোকজন আয়শাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে আবদুল হাই বলেন, বিদ্যুৎ-সংযোগের জন্য তিনি গ্রামের ৫৩ ব্যক্তির হয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করেন। সমিতির লোকজন সংযোগপ্রতি পাঁচ হাজার টাকা চান। পরে সাড়ে তিন হাজার টাকায় দফা-রফা হওয়ার পর ২০টি সংযোগ দেওয়া হয়েছে। অন্যগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে। বাকি যে ৩৩টি সংযোগ দিতে দেরি হচ্ছে তাঁর মধ্যে রশিদুলের সংযোগ রয়েছে। গতকাল রশিদুলের স্ত্রী বাসায় এসে তাঁকে গালিগালাজ শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে হাতাহাতি হয়। কিন্তু কাউকে মারধর করা হয়নি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী বলেন, পল্লী বিদ্যুতের সংযোগ নিতে গ্রাহকদের ৬৫০ টাকার বেশি কোনো টাকা নেওয়া হয় না। কার্যালয়ের বাইরে কেউ টাকা লেনদেন করলে ওই ব্যক্তিকে পুলিশে দেওয়ার পরামর্শ দেন তিনি।