টাকা ভাগাভাগিতে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে একাডেমিক ট্রান্সক্রিপ্টের (নম্বরপত্র) ১৪ বছরের ‘বকেয়া’ বিলের প্রায় দুই কোটি টাকা ভাগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
যদিও বোর্ডের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে ওই টাকা ওই সময়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তাঁরা নিয়ম না মেনে কর্মচারী সমিতির নেতাদের যোগসাজশে নিজেদের মতো করে টাকা ভাগাভাগি করেন।
সম্প্রতি টাকা ভাগাভাগির ওই বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় বোর্ডের সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ মে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন ইন্দুভূষণ ভৌমিক। একই বছরের ৫ জুন সচিব পদে যোগদান করেন মো. আবদুস ছালাম।
যোগদানের পর তাঁরা ২০০০ সাল থেকে ২০১৪ সালের একাডেমিক নম্বরপত্রের বকেয়া বিলের ১ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ১৪৬ টাকা উত্তোলন করে ভাগাভাগি করেন। এর মধ্যে এসএসসি পরীক্ষার নম্বরপত্রের ১ কোটি ৮১ হাজার ১৫১ টাকা এবং এইচএসসি পরীক্ষার ৯১ লাখ ২ হাজার ৯৯৫ টাকা রয়েছে। গত বছরের ১৩ নভেম্বর বোর্ডে কর্মরত ১৭ জন কর্মকর্তা ও ৮৩ জন কর্মচারীর মধ্যে ওই টাকা বণ্টন করা হয়। ওই টাকা থেকে ইন্দুভূষণ ভৌমিক নেন ৪ লাখ ৪০ হাজার টাকা ও মো. আবদুস ছালাম নেন ৩ লাখ ৫৫ হাজার টাকা।
এ ছাড়া শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ও অডিট বিভাগকে সামলানোর নামে কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বণ্টন করা টাকার ২০ শতাংশ আবার নগদ নেন চেয়ারম্যান ও সচিব। এতে ওঠে ৩৮ লাখ ৩৬ হাজার ২২৯ টাকা। অভিযোগ রয়েছে, এই টাকা থেকেও চেয়ারম্যান ও সচিব একটা বড় অংশ নিয়ে নেন।
বোর্ডের নথিপত্র ঘেঁটে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত শিক্ষা বোর্ডে ১০ জন চেয়ারম্যান ও ছয়জন সচিব দায়িত্ব পালন করেন। ওই টাকার ভাগ ওই ১৬ জন ব্যক্তিও পাওয়ার কথা। এ ক্ষেত্রে ইন্দুভূষণ সাবেক ১০ চেয়ারম্যান ও ছালাম ছয়জন সচিবের বকেয়া বিলের টাকা তুলে নেন।
একই সঙ্গে গত ১৪ বছরে বোর্ডে কর্মরত ছিলেন এখন অবসরে বা অন্যত্র বদলি হয়ে গেছেন, এমন শতাধিক ব্যক্তির টাকাও বর্তমানে কর্মরত ব্যক্তিদের দেওয়া হয়।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব মমিনুল হক চৌধুরী বলেন, এভাবে টাকা ভাগাভাগি করে নেওয়া চাকরিবিধি ও হিসাববিধির পরিপন্থী। ওই দুই ব্যক্তি পূর্বে যাঁরা ছিলেন, তাঁদের টাকা নিতে পারেন না। এটা দুর্নীতি।
২০০৮ সালের ২৯ অক্টোবর থেকে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বোর্ডের সচিব ছিলেন মো. অলিউর রহমান। তিনি বলেন, ‘কী প্রক্রিয়ায় তাঁরা টাকা ভাগাভাগি করেছেন, তা আমি বলতে পারব না। বোর্ড থেকে চলে আসার পর আমি কোনো টাকা পাইনি।’
শিক্ষা বোর্ডের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মকবুল আহাম্মদ বলেন, ‘২০ শতাংশ টাকা আদায়ের সঙ্গে আমি জড়িত নই।’
বোর্ডের সচিব মো. আবদুস ছালাম বলেন, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে ওই ভাগাভাগি করা হয়। ইন্দুভূষণ ভৌমিক বলেন, আন্তবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টাকা ভাগাভাগি করা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়নি। অন্যদের টাকা কী করে নিজেরা ভাগাভাগি করে নেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বর্তমানে কর্মরত ব্যক্তিদের মধ্যে টাকা বণ্টন করে দিয়েছি।’ এ ছাড়া ২০ শতাংশ টাকা আদায় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।