টাকা লুটে নিয়ে ট্রাক থেকে ফেলে দিল সাতজনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন সাতজন রাজমিস্ত্রি। সঙ্গে ছিল গত মাস দুয়েকের রোজগারের টাকা। পথে পাউরুটি খাইয়ে অচেতন করে তাঁদের সর্বস্ব লুটে নিয়েছে ‘অজ্ঞান পার্টি’র সদস্যরা। এরপর ট্রাক থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় তাঁদের।
রাজশাহী নগরের তালাইমারী এলাকার সড়ক থেকে গতকাল মঙ্গলবার ভোররাতে সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরের বিভিন্ন স্থানে। বর্তমানে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এ সাতজন হলেন রাজশাহীর পবা উপজেলার হরিয়ান গ্রামের সোহেল রানা (৩০); চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিন ভাই আরিফ হোসেন (২৫), সোহেল রানা (১৮) ও মোহাম্মদ রাসেল (১৬), তাঁদের ফুপাতো ভাই সোহেল রানা (১৮) এবং রংপুরের দুই ব্যক্তি মিলন (২০) ও মনিরুজ্জামান (৪২)। হাসপাতালে ভর্তির পরও কয়েকজন দীর্ঘ সময় অচেতন ছিলেন। তবে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় খোঁজ নিয়ে জানা যায়, সবারই চেতনা ফিরেছে। এর মধ্যে ট্রাক থেকে ফেলে দেওয়ায় আরিফের কপাল ও রাসেলের মুখ জখম হয়েছে। অন্যদের শরীরেরও ছোটখাটো জখমের চিহ্ন রয়েছে।
আরিফ, সোহেল ও রাসেলের বাবা ফিটু মাঝি বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে তাঁর ভাগনে সোহেল চেতনা ফিরে পাওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে ফোন করেন। খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। ফিটু মাঝি জানান, তাঁর তিন ছেলে ও ভাগনে সোহেল দুই মাস আগে বাড়ি থেকে কাজে গিয়েছিলেন। ঈদ উদ্যাপন করতে টাকাপয়সা গুছিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। গত সোমবার বেলা একটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে তাঁরা সাতজন মিলে একটি ট্রাকে ওঠেন। ট্রাকে চালক ছাড়াও আরও দুজন ছিলেন। তাঁরা সিরাজগঞ্জে পৌঁছানোর পর সাতজনকে পাউরুটি খাওয়ায়। এরপর সবাই অচেতন হয়ে পড়েন। তখন টাকাপয়সা ও মুঠোফোন কেড়ে নিয়ে গতকাল ভোর রাতে রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকায় তাঁদের ট্রাক থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে হরিয়ান গ্রামের সোহেল রানার স্ত্রী ববিতা বেগম বলেন, উদ্ধারকারীদের একজন তাঁর স্বামীকে চিনতে পারে। তার কাছ থেকে পরিচয় জেনে পবার কাঁটাখালী পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য তাঁদের বাড়িতে ফোন করে খবর দেন। ববিতা জানান, রোজার ঈদের ১৫ দিন পর সোহেল বাড়ি থেকে কাজে গিয়েছিলেন। ঈদে বাড়ি আসবেন বলে টাকা পাঠাননি। কাছে থাকা সব টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
হাসপাতালের পরিচালক এ এফ এম রফিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন সাতজনের অবস্থাই মোটামুটি ভালো। তাঁদের মধ্যে আরিফ মাথায় আঘাত পেলেও অবস্থা গুরুতর নয়।
যে এলাকা থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে, সেটি নগরের মতিহার থানার ভেতরে পড়েছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘ঘটনাটি আমাদের এলাকায় ঘটেনি। তাই আমাদের কাছে কোনো রেকর্ড নেই।’
এর আগে ৬ সেপ্টেম্বর রাজশাহী সিটি বাইপাস গরুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ৩০ গরু ব্যবসায়ী। হোটেলে ভাত খাওয়ার পর টিস্যু দিয়ে মুখ মুছে অজ্ঞান হয়ে পড়েন তাঁরা। এর মধ্যে জজ মিঞা (৩৪) নামের একজন হাসপাতালে মারা যান। এরপর থেকে রাজশাহী রেলস্টেশনে অজ্ঞান পার্টি থেকে যাত্রীদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে।