টাকা লুটের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) কোষাধ্যক্ষের কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তি পরীক্ষার ফির ২ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অধ্যক্ষ এই টাকা উদ্ধারের জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে ধরনা দিয়েছেন বলে জানা গেছে।
রাজশাহী আইএইচটি সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষার ৪০ শতাংশ টাকা প্রতিষ্ঠান পেয়ে থাকে। বাকি টাকা সরকারের কোষাগারে জমা দিতে হয়। গতকাল প্রতিষ্ঠানের অংশের টাকা কোষাধ্যক্ষের কাছে শিক্ষার্থীরা জমা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সারি ভেঙে আগে যাওয়ার চেষ্টা করেন। তখন কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন তাঁদের ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হন। তাঁদের গায়ে হাত দেওয়ার অভিযোগ এনে তাঁদের কয়েকজন কোষাধ্যক্ষের জামার কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। বাকি কয়েকজন কোষাধ্যক্ষের কার্যালয়ে থেকে যান। ছাত্রলীগের নেতারা অধ্যক্ষের কাছে গিয়ে অভিযোগ করেন, কোষাধ্যক্ষ তাঁদের গায়ে হাত দিয়েছেন। অধ্যক্ষ তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন। একইভাবে তিনি কোষাধ্যক্ষকেও লিখিত অভিযোগ করতে বলেন।
জানা গেছে, এরপর কোষাধ্যক্ষ তাঁর কার্যালয়ে ফিরে গিয়ে দেখেন তাঁর কার্যালয়ে জমা হওয়া টাকা লুট হয়ে গেছে। তিনি পরে অধ্যক্ষের কাছে ছাত্রলীগের নেতাদের নামে ২ লাখ ৯০ হাজার টাকা লুটের অভিযোগ করেন।
এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অধ্যক্ষ মনসুর রহমান টাকা উদ্ধারের জন্য ঘটনার পরপরই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারে কাছে ধরনা দেন।
জানতে চাইলে ডাবলু সরকার বলেন, অধ্যক্ষ তাঁর কাছে এসেছিলেন। তিনি রাজশাহী আইএইচটির ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকেছিলেন। তাঁর কাছে তাঁরা টাকা লুটের কথা অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, টাকা নিয়ে থাকলে তাঁদের ফেরত দিতেই হবে। প্রয়োজনে তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে। তিনি নগরের রাজপাড়া থানার ওসিকেও বলে দিয়েছেন, আইন নিজ গতিতে চলবে।
জানতে চাইলে অধ্যক্ষ মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোষাধ্যক্ষ একটি অভিযোগ করেছেন। তিনি ডাবলু সরকারের কাছে যাওয়ার কথাও স্বীকার করেন। তিনি বলেন, তাঁরা প্রথমে টাকাটা উদ্ধারের চেষ্টা করছেন। তিনি বলেন, আগামী পরশু দিন (বৃহস্পতিবার) একাডেমিক কাউন্সিলের বৈঠকে মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে তিনি বলেন, তার আগেই হয়তো তারা টাকা ফেরত দিয়ে দেবে। সেই ধরনের একটা তৎপরতা চলছে।
এ ব্যাপারে ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আসলে টাকা লুটের ঘটনা ঘটেনি। ক্যাশিয়ার মামার (কোষাধ্যক্ষের) সঙ্গে একটা ভুল- বোঝাবুঝি হয়েছে। মামাকে অধ্যক্ষের কক্ষে টেনে নিয়ে যাওয়ায় অপমানিত বোধ করে উনি ওই অভিযোগ তুলেছেন। উনি সেখানে যাওয়ার আগে কক্ষে তালা লাগিয়ে যান। তাই টাকা লুট হওয়ার প্রশ্নই আসে না।’