টাকা লুটের জন্য ছেলের সামনে মাকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে থাকা গরু বিক্রির ২৫ হাজার টাকা লুট করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলের সামনেই মাকে খুন করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি গতকাল বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলে।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামের রেজিয়া বেগমকে (৪০) গত শুক্রবার গলা কেটে হত্যা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, এ হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন পাঠান (২৫) গতকাল ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সানজিদা আফরিনের আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এসআই মো. সাইদুর রহমান জানান, আমিন তাঁর জবানবন্দিতে বলেন, তিনি জগন্নাথপুর আমতলী গ্রামের রেজিয়া বেগমের প্রতিবেশী। রেজিয়া তাঁর ছেলে মাসুক মিয়াকে (১২) নিয়ে বাড়িতে একা থাকতেন। তাঁর স্বামী সিলেটে আর বড় ছেলে ঢাকায় একটি বেকারিতে কাজ করেন। কয়েক দিন আগে রেজিয়া ২৫ হাজার টাকায় একটি গরু বিক্রি করেন। সেই টাকা তাঁর ঘরের আলমারিতে ছিল। গত শুক্রবার রাত দুইটার দিকে আল-আমিনসহ চারজন মাটি খুঁড়ে রেজিয়ার ঘরে ঢোকেন। তাঁরা প্রথমে কাপড় দিয়ে মাসুকের হাত বেঁধে ফেলেন। পরে আলমারি ভাঙেন। এ সময় রেজিয়া ঘুম থেকে জেগে তাঁদের দেখে চিনতে পারেন। চিনে ফেলায় রেজিয়াকে বেঁধে ছেলের সামনেই ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে লুট করা টাকা তাঁরা ভাগ-বাঁটোয়ারা করে নেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে গত শনিবার আল-আমিন পাঠানকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এসআই সাইদুর রহমান বলেন, গত রোববার সকালে আল-আমিনকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। মঙ্গলবার আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের জিজ্ঞাসাবাদেও তিনি খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।