টাকা হাতিয়ে লাপাত্তা এনজিও
সিরাজগঞ্জের রায়গঞ্জসহ তিনটি উপজেলায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষকে সেলাই প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জনে সহায়তার নামে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে একটি বেসরকারি সংস্থা (এনজিও) উধাও হয়েছে। ‘আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’ নামে পরিচয় দিয়ে সংস্থাটি চলতি বছরের এপ্রিল থেকে সিরাজগঞ্জের তিন উপজেলায় তাদের কার্যক্রম শুরু করে।
এ অবস্থায় বিপদে পড়েছেন মাঠকর্মী হিসেবে সংস্থার নিয়োগ দেওয়া স্থানীয় লোকজনও। তাঁরা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। এক দিকে তাঁদেরও সংস্থায় জামানত হিসেবে টাকা দিয়ে নিয়োগ পেতে হয়েছে। অপর দিকে যাঁদের সদস্য বানিয়েছিলেন, সংস্থার আসল লোকজন পাততাড়ি গুটানোয় তাঁরা এখন এসব মাঠকর্মীর কাছে নিজেদের টাকা দাবি করছেন।
উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে জেলার রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা নামের এনজিওটি। সংস্থাটির প্যাডে রেজি. নম্বর এস-১০২৭২-২০০৯ লেখা রয়েছে। সংস্থাটি বিভিন্ন ইউনিয়নে মাঠ সংগঠক, সুপারভাইজার ও প্রশিক্ষক পদে স্থানীয় অন্তত ৯০ জনকে নিয়োগ দেন। পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বেতন ধার্য করে তাঁদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জামানতও নেওয়া হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়োগ দেওয়া এসব লোক সেলাই প্রশিক্ষণ গ্রহণকারীদের নিয়ে দল গঠন করেন। প্রতিটি দলে ১৫ থেকে ৪০ জন পর্যন্ত সদস্য ভর্তি করা হয়। সংস্থার সদস্যপদের জন্য এঁদের প্রতিজনের কাছ থেকে আরও ৩৩০ টাকা নেওয়া হয়। চার মাস মেয়াদি প্রশিক্ষণের নামে নেওয়া হয় আরও এক হাজার টাকা করে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক সদস্যকে ৫ হাজার ৪০০ টাকা মূল্যের একটি সেলাই মেশিন দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। এ সেলাই মেশিনের দাম সদস্যরা মাসিক ১৫০ টাকা হারে তিন বছরে পরিশোধ করার কথা। লোভনীয় এ প্রশিক্ষণ নিতে বিভিন্ন এলাকা থেকে গত চার মাসে হাজার তিনেক নারী এ সংস্থার সদস্য হন।
রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের বিনোদবাড়ী গ্রামের মাঠ সংগঠক হিসেবে নিয়োগ পাওয়া নারী মুন্নী খাতুন বলেন, তাঁর অধীনে ৩০টি দলে ৪০০ জন সদস্য হয়েছেন। তাঁরা প্রত্যেকে ১ হাজার ৩৩০ টাকা জমা দিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন। বেশির ভাগই তাঁদের প্রশিক্ষণ শেষ করেছিলেন। অন্যরাও প্রায় শেষের পথে ছিলেন। গত ঈদুল আজহার সময় সংস্থার কর্মকর্তারা বলেন, ঈদের পরপরই সেলাই মেশিনগুলো দেওয়া হবে। কিন্তু এখন তো সংস্থার আসল লোকজন সব উধাও। শুধু রায়গঞ্জ থেকেই সংস্থাটি প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে মাঠ সংগঠক মুন্নী খাতুন বলেন।
তাছলিমা খাতুন ও সাবিনা খাতুন নামের আরও দুই মাঠ সংগঠক বলেন, সংস্থাটি নিজেদের কার্যালয় ছেড়ে চলে গেছে শুনে সদস্যরা মাঠ সংগঠকদের কাছে ধরনা দিতে শুরু করেছেন। কিন্তু মাঠ সংগঠকেরাও সংস্থাটির পাততাড়ি গুটানোর ব্যাপারে কিছুই না জানা থাকায় সদস্যদের মতোই অসহায় বোধ করছেন।
প্রশিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ধামাইনগর ইউনিয়নের অর্জুনী গ্রামের লাকি খাতুন, ফরিদপুর গ্রামের সবিতা রানী মাহাতো, সবিতা রানী, আন্দ্রা গ্রামের শাহনাজ খাতুন বলেন, তাঁরা সংস্থাটির হয়ে কাজ করেছেন। কিন্তু তাঁদের বেতন না দিয়ে উল্টো বিপদের মধ্যে ফেলে সংস্থাটি নাই হয়ে গেছে। এখন প্রশিক্ষণ গ্রহণকারীরা তাঁদের কাছে সেলাই মেশিন দাবি করছেন।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হোসেন সুমন তালুকদার বলেন, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজারের আবদুর রশিদের বাড়িতে সংস্থাটির কার্যালয় স্থাপন করা হয়েছিল। সেখানে একটি সাইনবোর্ডও ছিল। গত সোমবার গিয়ে দেখা যায় বাড়িটিতে আর ওই সংস্থার সাইনবোর্ডও নেই। বাড়ির মালিক বলেন, গত এপ্রিল মাস থেকে তারা মাসিক সাত হাজার টাকায় ভাড়া নিয়েছিল। তিন মাসের ভাড়া দিলেও দুই মাসের ভাড়া আর তিন মাসের বিদ্যুৎ বিল বাকি রেখেই গত ঈদুল আজহার আগে বাড়িতে যাওয়ার কথা বলে সংস্থার লোকজন সেই যে গেছেন আর ফেরেননি।
এদিকে কথা বলার জন্য সংস্থাটির ব্যবস্থাপক মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক নূর আলম, কর্মকর্তা শাহিন আলম ও আরিফ হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সব কটি নম্বর বন্ধ পাওয়া যায়।
রায়গঞ্জের ইউএনও বলেন, এ নামের কোনো এনজিওর কার্যক্রম সম্পর্কে তাঁর ধারণা নেই। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আইনি পদক্ষেপ নিলে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।