টাকা হাতিয়ে নিয়ে পরিচালকেরা উধাও
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জনতা কো-অপারেটিভ সোসাইটি নামের একটি সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের আমানতের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক মাস ধরে কার্যালয় বন্ধ করে দিয়ে এটির পরিচালকেরা গা ঢাকা দিয়ে রয়েছেন।
জেলা সমবায় কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে ২০০৩ সালে কার্যক্রম শুরু করে সমিতিটি। এটির প্রধান কার্যালয় তারাগুনিয়া বাজারে। চেয়ারম্যানের নাম খন্দকার আবুল কালাম আজাদ। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাঁর ছোট ভাই খন্দকার শরিফুল আলম। তাঁদের বাড়ি তারাগুনিয়া গ্রামে। প্রথম দিকে সমিতিটির কার্যক্রম কুষ্টিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পর্যায়ক্রমে তা মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী ও রংপুরে বিস্তৃত হয়। সারা দেশে প্রতিষ্ঠানটির ৫৬টি শাখা খোলা হয়।
সমিতিটির দুটি শাখার দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সারা দেশের শাখাগুলোর মাধ্যমে কয়েক হাজার গ্রাহকের শতাধিক কোটি টাকা আমানত হিসেবে জমা নেয় সংস্থাটি। প্রায় এক বছর ধরে আমানতকারীরা টাকা ফেরত চাইলেও প্রতিষ্ঠানটি দিচ্ছে না। এখন প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে আমানতকারীদের পাশাপাশি এটির প্রায় ৩৫০ কর্মকর্তা-কর্মচারী বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক বলেন, প্রতিষ্ঠানটি চলতি ও সঞ্চয়ীসহ বিভিন্ন ধরনের আমানত স্কিমে উচ্চ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেয়। তারা বিভিন্ন স্কিমে ১৫ শতাংশ পর্যন্ত সুদ দিত। ক্ষেত্রবিশেষে ১৮ শতাংশ সুদও দেওয়া হতো। প্রতিষ্ঠানটি সদস্যদের কাছ থেকে নেওয়া আমানত ক্ষুদ্রঋণ আকারে ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে বিতরণ করত। প্রতিষ্ঠানটির নামে বেশ কয়েকটি বাস বিভিন্ন সড়কে চলাচল করে। তারাগুনিয়া বাজারে ছয়তলা ভবনসহ প্রতিষ্ঠানটির নামে কয়েক কোটি টাকার জমিও কেনা হয়।
কুষ্টিয়া শহরের একজন গ্রাহক বলেন, তিনি প্রতিষ্ঠানটিতে ২৫ লাখ টাকা রেখেছিলেন। তাঁর পরিবারের আরও ১০ জন সদস্য প্রায় ১০ কোটি টাকা রাখেন। টাকা ফেরত না পেয়ে তিনি সম্প্রতি কুষ্টিয়া আদালতে মামলা করেছেন।
দৌলতপুরের রিফাইতপুর গ্রামের নাজিম উদ্দিন বলেন, তিনি সমিতিতে ৩ লাখ ৮০ হাজার টাকা রেখেছিলেন। এখন চিকিৎসার জন্য টাকা দরকার হলেও তুলতে পারছেন না। দুই বছর ধরে ঘুরেও এর সুরাহা হয়নি। আদৌ টাকা ফেরত পাবেন কি না, তা নিয়ে হতাশায় দিন কাটছে।
কায়ামারি গ্রামের গৃহিণী শাহানারা খাতুন বলেন, তিনি সমিতিতে ২ লাখ ১৭ হাজার ৭০০ টাকা রাখেন। পারিবারিক প্রয়োজনে এখন টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না। এতে পরিবারে কলহ তৈরি হয়েছে।
গত মঙ্গলবার তারাগুনিয়া বাজারে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝোলানো। পরে বাড়িতে গিয়েও এটির চেয়ারম্যান ও এমডিকে পাওয়া যায়নি।
পরে মুঠোফোনে সমিতির চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রথম দিকে প্রতিষ্ঠানটি বেশ ভালোই চলছিল। বছরখানেক আগে এলাকার অপর একটি সমবায় সমিতি আমানতকারীদের প্রায় ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এ ঘটনার পর জনতা কো-অপারেটিভ সোসাইটির কয়েক হাজার গ্রাহক একযোগে এসে আমানত ফেরত চাইলে তাঁরা মুশকিলে পড়েন। আমানতকারীদের অধিকাংশ টাকা ঋণগ্রহীতাদের কাছে রয়েছে। ইতিমধ্যে অনেকের টাকা ফেরত দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের নামে কেনা জমি বিক্রি করেও তিনি টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছেন।
জানতে চাইলে জেলা সমবায় কর্মকর্তা মির্জা কামাল উদ্দিন গত বুধবার বলেন, সমিতিটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। অনেক গ্রাহক মামলাও করেছেন। মন্ত্রণালয়েও অভিযোগ গেছে। সমিতিটির বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু করা হবে। এটির চেয়ারম্যান ও পরিচালকেরা গা ঢাকা দিয়েছেন।