টাকা হাতিয়ে পালানোর সময় অজ্ঞান পার্টির তিনজন আটক
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খুইয়েছেন সিরাজগঞ্জ জেলার দুই গুড় ব্যবসায়ী। এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে ধরতে সক্ষম হলেও টাকা নিয়ে পালিয়ে গেছেন অপরজন।
দুই ব্যবসায়ী হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মো. সাঈদ হোসেন (৫০) ও আলেফ উদ্দীন (৪৫)। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ খবর লেখা পর্যন্ত জ্ঞান ফেরেনি।
সাঈদের ভগ্নিপতি গুড় ব্যবসায়ী লুৎফর রহমান গতকাল বিকেলে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন। এজাহারে বলা হয়, ব্যবসায়ী মো. সাঈদ ও আলেফ ট্রেনে করে গতকাল সকালে চুয়াডাঙ্গায় পৌঁছান। রেলস্টেশন থেকে ইজিবাইকে চড়ে তাঁরা দামুড়হুদা উপজেলার জয়রামপুরে যাচ্ছিলেন। একই ইজিবাইকে ওঠেন আরও চারজন। গন্তব্যে পৌঁছানোর আগেই সাঈদ ও আলেফকে অজ্ঞান করে তাঁদের কাছে থাকা ১ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেন যাত্রীবেশী ওই চারজন। ইজিবাইকটি জয়রামপুরের কাঁঠালতলা এলাকায় থামলে তাঁরা মাঠের দিকে দৌড়ে পালিয়ে যান।
ইজিবাইকের চালক এ সময় দুই ব্যবসায়ীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এতে করে আশপাশের লোকজন ধাওয়া করে পলায়নরত তিনজনকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার মো. রহিম ব্যাপারী (৩৫) ও সানোয়ার হোসেন (৪২) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. ফুল মিয়া (৪০)।
দামুড়হুদা মডেল থানার এএসআই হায়দার আলী বলেন, আটক তিনজন বলেছেন যে তাঁদের দলনেতা টাঙ্গাইলের মধুপুরের আবদুর রাজ্জাক (৪০)। তিনি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে আটকের মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।