টাকার কার্টন নিয়ে হেঁটে চলে গেল ছিনতাইকারীরা
‘আমি পিছে পিছে যাইতাছিলাম। সামনে স্যারে ট্যাকার বাক্স লইয়া। তিনডা পোলা আইসা বাক্স লইয়া টানাটানি শুরু করল। স্যারে ছাড়ে না। এর পরে গুলি কইরা ট্যাকার বাক্স হাতে হাইটা রাস্তা পার হইয়া গেল। আমরা অনেক মানুষ ছিলাম। দাবাড় দিলে ধরতে পারতাম। তয় কে গুলি খাইতে যাইব—কন।’
রাজধানীর রামপুরার হাজীপাড়ায় গতকাল সোমবার দুপুরে বাণী অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে কার্টনে ভরা টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির নিচতলার ফুটপাতেই এ ঘটনা ঘটে। চোখের সামনে দেখা সেই ঘটনারই এভাবে বর্ণনা দিলেন প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতাকর্মী হুমায়ুন কবীর।
বাঁ পায়ের ঊরুতে গুলিবিদ্ধ নিরাপত্তা কর্মকর্তা বেলায়েত হোসেনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাণী অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, এই এলাকায় তাঁদের তিনটি কারখানা রয়েছে। বাণী অ্যাপারেলস ইউনিট-২ কারখানায় বেতন দেওয়ার জন্য ১৫ লাখ টাকা নিয়ে সেখানে যাচ্ছিলেন চারজন কর্মকর্তা। এর মধ্যে খুচরা টাকাভর্তি কার্টনটি ছিল বেলায়েতের হাতে। সেখানে বেশি টাকা আছে ভেবেই বোধ হয় ছিনতাইকারীরা তাঁকে গুলি করে কার্টন নিয়ে যায়। সেই কার্টনে দুই লাখ আশি হাজার টাকা ছিল।
এ ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে আশপাশের লোকজন কিছু বলতে চাচ্ছিলেন না। কেউ বলছিলেন, তিনি তখন ছিলেন না বা তিনি কিছুই দেখেননি। পরে একজন চা দোকানি বললেন, ‘লোকাল পোলাপাইন করছে, এই জন্যে কেউ কিছু কইব না।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ছিনতাইকারীরা টাকা নিয়ে হেঁটেই রামপুরার দিকে চলে গেছে। তাদের কোনো যানবাহন ব্যবহার করতে দেখা যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, তারা আশপাশের কোনো এলাকার বাসিন্দা।