টাকার জন্য চাচাতো ভাইকে খুন!
চট্টগ্রামে স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত ব্যক্তির চাচাতো ভাই হৃদয় আলী মল্লিক (২০)। পুলিশ জানায়, জবানবন্দিতে হৃদয় তাঁর চাচার কাছ থেকে টাকা আদায় করতে তাঁর চাচাতো ভাইকে খুন করার কথা স্বীকার করেছেন।
নিখোঁজ হওয়ার চার দিন পর গত রোববার বিকেলে নগরের সাগরিকা এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনের কাট্টলী খাল থেকে ফিরোজ আলী মল্লিক (১৩) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ নগরের সাগরিকা এলাকার পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় করা মামলায় তার চাচাতো ভাই হৃদয়কে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ। আজ বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, টাকার জন্য স্কুলপড়ুয়া চাচাতো ভাইকে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, জবানবন্দিতে আসামি হৃদয় স্বীকার করেন, ব্যবসা করার জন্য তাঁর টাকার দরকার ছিল। টাকা আদায় করতে তাঁর চাচাতো ভাইকে খুন করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন হৃদয়। পরিকল্পনামতো ১০টি ঘুমের ওষুধ কিনে আনেন। ৪ মে চাচাতো ভাইকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। পরে সে অচেতন হলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ঘরের মধ্যে হত্যা করেন। এ সময় তাঁর চাচা-চাচি বাসায় ছিলেন না। পরে লাশ বস্তাবন্দী করে দুই কিলোমিটার দূরে দক্ষিণ কাট্টলী খালে নিয়ে ফেলে দেন। কেউ যাতে সন্দেহ না করে, সে জন্য বস্তার মধ্যে আলু ও চাল ভরে রাখেন। বস্তা নেওয়ার সময় রিকশাচালককে বলেন, এটি পচা আলুর বস্তা। হৃদয় দিনাজপুরের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।