টাকার জন্যই খুন হয় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের টাকা না পেয়েই চার বছরের শিশু শুভ মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এই তথ্য বেরিয়ে এসেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল শনিবার জানান, গ্রেপ্তারকৃত কবির মিয়া ও লাভলু মিয়া রিমান্ডে স্বীকার করেছে, টাকার জন্য তারা শিশুটিকে অপহরণ করেছিল। এই টাকা না পেয়ে তারা শিশুটিকে হত্যা করে। এ ছাড়া জিজ্ঞাসাবাদে তারা আরও কিছু তথ্য দিয়েছে, তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না বলে জানান ওসি।
গত ৮ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারের শিশুসন্তান শুভকে বাড়ির উঠান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার বাবার কাছে মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করে দুর্বৃত্তরা।
১০ সেপ্টেম্বর রাতে বালাপাড়া গ্রামের বিল থেকে শুভর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে কবির মিয়া ও লাভলু মিয়াকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল তাদের রিমান্ড শেষ হয়।
ছেলেকে হারিয়ে পাগলপ্রায় শুভর মা-বাবা। গতকাল সকালে শুভদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা শাহনাজ বেগম ছেলের জামা নিয়ে আহাজারি করছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন, ‘সেদিন বিকেলে ছেলেটা নিজেই আটা এনে বলল, মা পিঠা করে দাও। তিনটা পিঠা করে দিলাম। দুইটা খেয়ে একটি হাতে নিয়ে বলল মা ঘুরে আসি। কিন্তু সেই যে গেল আর ফিরল না।’ তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমার শিশুসন্তান নিষ্পাপ। ও কী দোষ করেছিল? ওকে কেন ওরা মারল? যারা আমার কোলের সন্তানকে কেড়ে নিল, আমি তাদের ফাঁসি চাই।’
এ সময় শুভর বাবা আশেক আলী বলেন, ‘হত্যাকারীরা যে-ই হোক, আমি তাদের বিচার চাই। তাদের এমন শাস্তি হোক, যা দেখে আমার মতো আর কোনো বাবার বুক যেন খালি না হয়।’
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বখাটে ও চিহ্নিত সন্ত্রাসী। দালালি, টাকার বিনিময়ে জমি ও বাড়ি দখল করে দেওয়া, মাদক সেবন, জুয়া খেলাই তাদের কাজ। কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। টাকার জন্যই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।