র্যাবের হেফাজতে নিহত পরিবহন ব্যবসায়ী হানিফ মৃধার লাশ গতকাল মঙ্গলবার দাফনের জন্য নিয়ে গেছে তাঁর পরিবার। লাশ নিতে এসে হানিফের ভাই হালিম মৃধা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, টাকার জন্যই হানিফকে মেরে ফেলা হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে সব বেরিয়ে আসবে।
হানিফের মৃত্যুর ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে। তাঁর সঙ্গে নিখোঁজ সোহেল হোসেনের খোঁজ গতকাল পর্যন্ত পাওয়া যায়নি বলে তাঁর মা মমতাজ বেগম জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার আশকোনায় র্যাবের ব্যারাকে ঢুকে আত্মঘাতী হওয়া ব্যক্তির লাশ এখনো মর্গে পড়ে রয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরদিন শনিবার ভোরে খিলগাঁওয়ে তল্লাশি চৌকিতে র্যাবের গুলিতে নিহত যুবকের পরিচয়ও পাওয়া যায়নি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গত রাতে প্রথম আলোকে বলেন, নিহত দুজনের পরিচয় পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হানিফের লাশ বুঝে নেন তাঁর ভাই হালিম মৃধা। অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার আমড়াছিয়া নিয়ে যাওয়া হয়। এ সময় হালিম মৃধা সাংবাদিকদের বলেন, তাঁরা মনে করেন, টাকাপয়সা নেওয়ার জন্যই তাঁর ভাই হানিফকে মেরে ফেলছে। কারণ অজ্ঞাত ব্যক্তি তাঁদের বাবাকে ফোন করে ১০ লাখ টাকা চায়। এ সময় বৃদ্ধ বাবা এক আত্মীয়কে ফোনটি ধরিয়ে দিলে ফোনের অপর প্রান্ত থেকে গালিগালাজ করা হয় এবং হানিফকে নির্যাতনের হুমকি দেওয়া হয়।
হালিম বলেন, হানিফকে ধরে নিয়ে যাওয়ার পরে ডাচ্-বাংলা ও ব্র্যাক ব্যাংকের দুটি চেকে ৬ লাখ ৭০ হাজার টাকা লিখে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া হানিফের ক্রেডিট কার্ডও নিয়ে গেছে তারা। ওই কার্ডে আড়াই লাখ টাকা পর্যন্ত উত্তোলন সীমা ছিল। সব মিলিয়ে ৯ লাখ ৩০ হাজার টাকার চেক ও কার্ড নিয়ে গেছে। হালিম বলেন, এতগুলো টাকার চেক ও কার্ড নিয়ে গেছে। সেগুলো দিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে গেলেই তো ধরা পড়ে যাওয়ার কথা। এখন তো সব ব্যাংকেই সিসি ক্যামেরা রয়েছে। তিনি বলেন, ‘আমরা তদন্ত চাই। আমাদের ধারণা সুষ্ঠু তদন্ত হলেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা যাবে কারা হানিফকে ধরে নিয়ে গেল। আমরা সুষ্ঠু তদন্ত চাই।’
এ সময় হালিমের সঙ্গে একজন আইনজীবীও ছিলেন। সাদাপোশাকের বেশ কিছু অচেনা লোককেও দেখা যায়, যারা সাংবাদিকদের সঙ্গে হালিমের কথা মুঠোফোনে ধারণ করছিল।
অপমৃত্যুর মামলা
বিমানবন্দর থানা সূত্র জানায়, হানিফের মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে একটি প্রতিবেদন দিয়েছে র্যাব। প্রতিবেদনটিতে বলা হয়, হানিফকে ধরার পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ এটিকে অপমৃত্যু মামলা হিসেবে নিয়ে এবং তার ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।
হানিফের মৃত্যুর বিষয়ে গত শনিবার রাতে র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম প্রথম আলোকে বলেছিলেন, শুক্রবার র্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে জঙ্গি হামলার পর সন্দেহভাজন হিসেবে হানিফকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
তবে হানিফের পরিবার বলছে, তাঁকে ও তাঁর সঙ্গে থাকা সোহেলকে গত ২৭ ফেব্রুয়ারি ধরে নিয়ে যায় ডিবি পরিচয়ধারী লোকজন। ওই রাতে তাঁর ঢাকার রায়েরবাজারের বাসা থেকে কয়েকজন লোক হানিফের মোটরসাইকেলটি নিয়ে যায়। এরপর ১৫ মার্চ সকালে চার-পাঁচজন লোক হানিফকে সঙ্গে নিয়ে বাসায় আসে। তারা হানিফের ব্র্যাক ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের চেক বই নিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকার চেকে সই করিয়ে নেয় এবং হানিফকে নিয়ে আবার চলে যায়।